যে জাদুঘরে ছবি 'কথা' বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ইতিহাস কেন্দ্র ও চিত্র জাদুঘরের বিভিন্ন ​ছবি দেখাচ্ছেন জাদুঘরটির অন্যতম প্রতিষ্ঠাতা লুৎ​ফা সুলতানা। ছবিটি গতকাল মিরপুরের জাদুঘর থেকে তোলা l প্রথম আলো
বিশ্ব ইতিহাস কেন্দ্র ও চিত্র জাদুঘরের বিভিন্ন ​ছবি দেখাচ্ছেন জাদুঘরটির অন্যতম প্রতিষ্ঠাতা লুৎ​ফা সুলতানা। ছবিটি গতকাল মিরপুরের জাদুঘর থেকে তোলা l প্রথম আলো

জাদুঘরে ঢুকলে ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানা যাবে, এটাই স্বাভাবিক। জাদুঘর বিভিন্ন নিদর্শন দিয়ে সাজানো থাকে। কিন্তু সব নিদর্শন তো আর ব্যক্তিগতভাবে সংগ্রহ করা সম্ভব নয়। ছবি দিয়ে যদি নিদর্শন বা ইতিহাসকে তুলে ধরা যায়, তা মন্দ হয় না। এ ধরনের চিন্তা নিয়েই বাড়িতে ছবির জাদুঘর তৈরি করেছেন হাসানুর রশীদ ও লুৎফা সুলতানা দম্পতি।
রাজধানীর মিরপুরে রাইনখোলা এলাকায় (চিড়িয়াখানা রোডে) ‘বিশ্ব ইতিহাস কেন্দ্র ও চিত্র জাদুঘর’ নামের ব্যতিক্রমী এই ব্যক্তিগত জাদুঘর। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, তাই এলাকার আশপাশে যারা থাকে, তারাও জাদুঘরটি সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারল না। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে জাদুঘরের সাইনবোর্ডটি দেখেই ভেতরে ঢোকা।
ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক হাসানুর রশীদ ও ঢাকা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান লুৎফা সুলতানা তাঁদের বাড়ির গ্যারেজের সঙ্গে ১২০০ বর্গফুট জায়গায় জাদুঘরটি তৈরি করেছেন। লুৎফা সুলতানা নিজেই জাদুঘরের দরজার তালা খুললেন। সব লাইট জ্বালানোর পরও ঘরটির অন্ধকারাচ্ছন্ন ভাব পুরোটা কাটল না। তবে কিছুক্ষণের মধ্যেই চারপাশের ছবিগুলো যেন কথা বলা শুরু করল। প্রথম দিকেই সাজানো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অনেকগুলো ছবি। ছবিগুলোর নিচে ছোট করে ছবির ইতিহাস লেখা। বঙ্গবন্ধু থেকে শুরু করে সৈয়দ নজরুল ইসলাম হয়ে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছবি দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাস। একইভাবে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ থেকে শুরু করে খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ইতিহাস আছে। আছে বর্তমান প্রধানমন্ত্রীর ছোটবেলা থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক ছবি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটিও আছে। একনজরে আছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। উত্তর-পূর্ব ভারতের কয়েকটি সাম্রাজ্য, মুসলমানদের ভারত শাসন, ভারতবর্ষের ইতিহাস, বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন, পাকিস্তানের যাত্রা, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলার শাসকবর্গের বংশানুক্রমিক তালিকা, ব্রিটিশ-বাংলার নেতাদের ছবি, ব্রিটিশ ভারতের সাধারণ নির্বাচন, ব্রিটিশ-বাংলার রাজনৈতিক দল, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিভিন্ন নেতার ছবিও আছে।
হাসানুর রশীদের মতে, জাদুঘরটিকে একটি ইতিহাস গ্রন্থের সঙ্গে তুলনা করা যায়। বইয়ের পাতায় যেমন ইতিহাসের বিভিন্ন অধ্যায় থাকে, জাদুঘরটিতেও তেমনি ব্যবস্থা করা হয়েছে। এখানে লেখা বা নিদর্শন সাজিয়ে রাখার চেয়ে চিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। বলা যায়, এখানে ছবিগুলোই কথা বলে। ১০ বছর ধরে ধীরে ধীরে তাঁরা জাদুঘরের এসব নিদর্শন সংগ্রহ করছেন বলে জানালেন।
হাসানুর রশীদ জানালেন, জাদুঘর তৈরির খরচ, স্থান, চিন্তা, কোথায় কোন ছবি পাওয়া যাবে, তা সংগ্রহ করার পুরো কাজটিই হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাদুঘরে আনা সম্ভব হলে তারা পাঠ্যবইতে যা পড়ছে, তার সঙ্গে বাস্তব ধারণা পাবে। ভবিষ্যতে জাদুঘরের পরিধি বাড়ানো এবং ঢাকার বাইরে কোনো উপশহরে এ ধরনের আরেকটি জাদুঘর তৈরি করার ইচ্ছার কথাও জানালেন তাঁরা।
তিন সন্তানের জননী লুৎফা সুলতানা জানালেন, নিজের ছেলেমেয়েরা জাদুঘরটির তত্ত্বাবধানে বিভিন্নভাবে সহায়তা করে। এ প্রজন্ম, বিশেষ করে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ইতিহাসের প্রতি ততটা উৎসাহী নয়। এখানে ছবি ও লেখার মাধ্যমে তারাও ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবে।