যে ডালে বসে আছেন তা কাটবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দৃঢ়ভাবে গণমাধ্যমের (মিডিয়া) পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের অনুরোধ জানাব, যে ডালের ওপর বসে আছেন, সেই ডাল কাটার চেষ্টা করবেন না।’ খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অল্পসংখ্যক মানুষ ছাড়া বেশির ভাগই এই নীতিমালা পছন্দ করেছে। তিনি বলেন, মিডিয়ার জবাবদিহিতার পাশাপাশি এর স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই নীতিমালা করা হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন সম্প্রচার নীতিমালার বাস্তবায়ন তদারকি করবে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সংবাদকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে শেখ হাসিনা এসব কথা বলেন। অসচ্ছল সাংবাদিকদের সহায়তার জন্য ২০১৩ সালে এই তহবিল গঠন করা হয়। এ বছর প্রায় ৪৩৭ সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ১৮১ সাংবাদিকের হাতে চেক তুলে দেওয়া হয় গতকাল। তথ্য মন্ত্রণালয়ের একটি কমিটি অনুদানপ্রাপ্তদের তালিকা করে।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন প্রযুক্তির সুযোগ করে দিতে বেসরকারি খাতে স্যাটেলাইট টিভি উন্মুক্ত করে দিয়েছে সরকার। তিনি বলেন, ‘আমরা সংবাদমাধ্যম ও বাক্স্বাধীনতায় বিশ্বাস না করলে বেসরকারি খাতে এত বেশি সংবাদপত্র ও টেলিভিশনের অনুমতি দিতাম না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, প্রধানমন্ত্রীর মিডিয়া (তথ্য) উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যসচিব মর্তুজা আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একংশের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন, প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিভিন্ন দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিএফইউজে ও ডিইউজের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়াকে কাঠামোগত রূপ দিতে সরকার ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এই তহবিল থেকে সাংবাদিকেরা প্রতিবছর অনুদান পাবেন। তিনি বলেন, ‘সাংবাদিকদের সহায়তায় স্থায়ী কিছু করে যেতে চাই। সরকার সংবাদপত্রকে শিল্প ঘোষণা করেছে। সংবাদপত্র মালিক সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। ফলে সাংবাদিকদের জন্য তাঁদের অবশ্যই কিছু করা উচিত।’
তারেক প্রসঙ্গ: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে বলেন, বিএনপির নেতা এখন তাঁর পুত্রের সঙ্গে বক্তব্য শেয়ার করার নীতি গ্রহণ করেছেন। তারেক এখন যা বলছে, তার মা একাধিকবার এ কথাগুলো বলেছেন। তিনি বলেন, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পেছনে বেগম জিয়া এবং তারেক রহমানের হাত ছিল। বিদ্রোহের আগে খালেদা জিয়া কোথায় ছিলেন এবং বিদ্রোহের পর তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে বিভিন্ন জনের সঙ্গে ৪০ থেকে ৫০ বার ফোনে কেন কথা বলেছিলেন, তা খুঁজে বের করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা সংবাদপত্র শিল্পে অষ্টম ওয়েজ বোর্ড কার্যকরে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, তথ্যমন্ত্রী এ বিষয়টি দেখবেন।