যে দেয়াল বাধা নয়

পাঁচ বছরের বাতাসী দেয়ালে চক দিয়ে ছবি আঁকছে। বাড়ির ছবি। জিজ্ঞেস করতেই হেসে বলল, ‘এইডা আমার বাড়ি।’ বাতাসীর আঁকা ছবির পাশে কাঁচা হাতে অ-আ-ক-খ লেখা। উঁচু দেয়ালটির এক পাশে জাতীয় সংগীতের প্রথম ১১ লাইন সবুজ কালিতে লেখা আছে। অন্য পাশে বাংলাদেশের পতাকা আর মানচিত্র আঁকা। মাঝে একটি বিশাল গাছের ছবি, যার ডালপালায় বাংলা বর্ণমালা ঝুলছে। পুরো দেয়ালটাই মূলত একটি স্কুল। নাম দেয়ালকোঠা।
এই দেয়ালটি আসলে তেজগাঁও-বিজয় সরণি উড়ালসেতুর কাঠামোর তেজগাঁও অংশের একটি পিলার। এর গায়েই গড়ে উঠেছে সেতুর নিচের প্রায় ৫০টি পরিবারের শিক্ষা-বিনোদনের কেন্দ্র।
উড়ালসেতুটির পিলারকে ঘিরে কিছু করার কথা প্রথম মাথায় আসে স্থপতি সাহজাবিন কবিরের। নিচের মানুষদের কাছে এখন যাঁর পরিচয় ‘জাবিন আপা’। এ কাজে তাঁকে সঙ্গ দেন তানজিয়া, নিশাত, শাওন, সৃজনসহ তাঁর আরও কয়েকজন বন্ধু। দেয়ালকোঠা নামটিও সৃজন বড়ুয়ার দেওয়া। সাহজাবিন বললেন, দেয়ালকে ঘিরেই স্কুল, তাই নাম দেয়ালকোঠা।
দেয়ালকোঠার শুরুর গল্পটা সাহজাবিনের মুখ থেকেই শোনা যাক, ‘আমার মাস্টার্সের থিসিসের বিষয় ছিল এই ফ্লাইওভার। তখন দেখি, একটা ফ্লাইওভার বানানো হয় একটা রাস্তা হিসেবে। কিন্তু ভাসমান মানুষদের জন্য এটা একটা ছাদ হয়ে যায়। এর নিচে বস্তি, দোকানপাট, বাজারসহ ভাসমান মানুষের একটি বসতি গড়ে ওঠে।’ এই মানুষগুলোর জন্য কিছু করার চিন্তা থেকে ২০১৪ সালে এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে আবেদন করে অর্থ তহবিল পান। উড়ালসেতুর নিচের মানুষদের বিভিন্ন ইস্যুতে বিনোদনের মাধ্যমে সচেতন করার লক্ষ্যে দেয়ালকোঠা প্রকল্পের যাত্রা শুরু হয়।
গত রোববার দুপুরে উড়ালসেতুটির নিচে (তেজগাঁও অংশ) গিয়ে দেখা যায়, দেয়াল ঘেঁষে মাচার ওপর ক্লাস বসেছে। পড়ুয়াদের সবার বয়স পাঁচ থেকে সাতের মধ্যে। একজন শিক্ষককে ঘিরে বসে আছে সবাই। পাঁচ বছরের জুঁই বলল, ‘এখানে আইসা ক-খ শিখছি, এবিসিডি শিখছি। এরপর বিজি প্রেস স্কুলে ভর্তি হমু।’
দেয়ালকোঠা তেজগাঁও উড়ালসেতুর নিচে বসবাসকারী শিশুদের অনানুষ্ঠানিক ও সৃজনশীল শিক্ষার জন্য কাজ করছে। এ ছাড়া যাত্রা, পথনাটক, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে এখানকার সব বয়সী মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিচ্ছন্নতা ও সুনাগরিকের গুণাবলির বিষয়ে শিক্ষা দিচ্ছে।

শুরুতে সাহজাবিনদের পরিকল্পনা ছিল এই ভাসমান মানুষদের জন্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া। তবে সেখানকার মানুষদের সঙ্গে প্রাথমিক আলোচনার সময় তাঁদের পক্ষ থেকেই স্কুলের জন্য প্রস্তাব আসে।
সাহজাবিন বলেন, দেয়ালকোঠা এখন দুই ধরনের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। ১০ বছরের নিচের বয়সী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক অনানুষ্ঠানিক শিক্ষা। আর ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য সৃজনশীল শিক্ষা।
প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় ‘লাইট অব হোপ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এক বছর ধরে দেয়ালকোঠার সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে। জুঁই-বাতাসী এ অংশের শিক্ষার্থী। গত রোববার দেয়ালকোঠা প্রাঙ্গণে সংগঠনটির স্বেচ্ছাসেবী ওয়ালিদ হোসাইনের সঙ্গে কথা হয়। ওয়ালিদ জানান, তাঁরা এ শিশুদের বাংলা-ইংরেজি বর্ণমালা ও সংখ্যা সম্পর্কে মৌলিক ধারণা দিয়ে আনুষ্ঠানিক স্কুলে ভর্তির উপযোগী করতে কাজ করেন। তাঁর ক্লাসের বর্তমান শিক্ষার্থীসংখ্যা ৩০। তাঁরা গত এক বছরে এখান থেকে ছয়জনকে বিজি প্রেস হাইস্কুলে ভর্তি করিয়েছেন বলে জানান।
আর সৃজনশীল ক্লাসে ১০ বছরের বেশি বয়সী বাচ্চাদের ছবি আঁকা শেখানো হয়। এ ক্লাসের শিক্ষার্থী সোহাগী (১৩) বলল, ‘আগে কাউরে ছবি আঁকাইতে দেখলে মন খারাপ লাগত। এখন নিজেই সব আঁকতে পারি। ভাইয়ারা শিখাইছে। গেরামের ছবি আঁকাইতে আমার খুব ভাল্লাগে।’
বাচ্চাদের মায়েদের স্বাবলম্বী করতে ব্লক ও বাটিকের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের একজন আফরোজা বেগম বলেন, ‘এখন বাটিকের কাজ করতে পারি। পোলাপান নিয়া একটু ভালো থাকনের ব্যবস্থা কইরা দিছে জেবিন আপারা।’
সাহজাবিন বলেন, এ শিশুদের মূলত মগ, টি-শার্ট, ব্যাগের ওপর মুদ্রণ উপযোগী বা পণ্যনির্ভর ছবি আঁকা শেখানো হয়, যাতে এ দক্ষতাটি উপার্জনের কাজে লাগানো যায়। বাচ্চাদের আঁকা ছবির মগ, ডায়েরি আর বড়দের তৈরি বাটিকের ব্যাগ-ওড়না নিয়ে এ বছরের মার্চ মাসে একটি প্রদর্শনীর করেন তাঁরা।
ইএমকে সেন্টারের তহবিল শেষ হয়ে যাওয়ার পর ব্যক্তি পর্যায়ের অর্থ সাহায্য ও কিছু কোম্পানির সিএসআর ফান্ড দিয়ে প্রতিষ্ঠানটি চলছে। তবে দেয়ালকোঠাকে বাংলাদেশে সামাজিক উদ্যোগের একটি মডেল হিসেবে দাঁড় করাতে চান সাহজাবিন ও তাঁর বন্ধুরা। সাহজাবিন বলেন, ‘ওদের তৈরি পণ্য বিক্রি করে ওরা যেমন স্বাবলম্বী হবে আবার সেই আয়ের একটি অংশ দিয়ে এ প্রতিষ্ঠানও চলবে।’ ভবিষ্যতে এই বাচ্চারাই এ প্রতিষ্ঠানের হাল ধরবে—এমনটাই সাহজাবিনের আশা।