যে নাচ ছাড়া শুরু হয় না নতুন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢোল আর বাঁশি বাজাতে বাজাতে পাহাড়ি পথ ধরে নাচের ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে দলটি। দলের সবাই ত্রিপুরা পুরুষ। পরনে সাদা ধুতি, জামা আর পাগড়ি। কোমরে, মাথায় ও হাতে জড়ানো রিসা নামের এক টুকরো লম্বা ঝুলের কাপড়। সুসজ্জিত দলের সদস্যরা সুর করে গাইছিলেন ফাইখালে ফাইখালে, গরাইয়া ফাইখালে... (এসেছে এসেছে গরাইয়া নাচের দল)। যেখানে লোক সমাগম বেশি, সেখানে থামছিলেন তাঁরা। গোল হয়ে কিছুক্ষণ নাচ পরিবেশন আবার এগিয়ে যাচ্ছিলেন।

১০ এপ্রিল খাগড়াছড়ি শহরের ভাইবোনছড়ার হেলাধুলাপাড়া এলাকায় দেখা গেল ত্রিপুরা সম্প্রদায়ের গরাইয়া নাচের দলটিকে। নববর্ষ অর্থাৎ বৈসাবি উৎসবের সপ্তাহখানেক আগে থেকে পুরোনো বছরের বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে ত্রিপুরা গ্রামগুলোতে শুরু হয় গরাইয়া নাচ। ত্রিপুরাদের বিশ্বাস, নাচের মধ্য দিয়ে তুষ্ট হন গরাইয়া দেব। এতে পরিবার ও সমাজে সুখ–সমৃদ্ধি অটুট থাকে।

গরাইয়া নাচে অংশগ্রহণকারীদের ‘খেরেবাই’ বলা হয়ে থাকে। একজন অচাই বা ওঝা ও একজন দেওয়াই (দলনেতা) এই নাচ পরিচালনা করেন। একসময় গরাইয়া নাচ ত্রিপুরাদের বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হতো। তবে বর্তমানে নির্দিষ্ট এলাকায় এবং বৈসাবি মেলায় এটি অনুষ্ঠিত হয়।

ভাইবোনছড়ার হেলাধুলাপাড়ায় গরাইয়া নাচের দলে অংশ নিয়েছিলেন ২২ জন নবীন ও প্রবীণ ব্যক্তি। এই দলের দলনেতা অনীক রঞ্জন ত্রিপুরা জানান, গরাইয়া নাচে ২২টি তাল ও মুদ্রা রয়েছে। এই ২২টি মুদ্রায় মানবজীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্রিয়াকলাপ প্রদর্শিত হয়ে থাকে।

আচাই শশীময় ত্রিপুরা (৭২) বলেন, একসময় গৃহস্থের উঠানে ২২টি মুদ্রা প্রদর্শন শেষে শুরু হতো বাড়ির কর্তার নানা বায়না। বায়না অনুসারে পরিবেশন করা হতো নাচ। গৃহস্থবাড়ির লোকজন যুবক-যুবতীর প্রেম ও বিরহ, স্বামী-স্ত্রীর ঝগড়া এই বিষয়গুলো নাচের মুদ্রায় দেখতে চাইতেন। নাচ শেষে গরাইয়া দল পেত পানীয়, টাকা, চালসহ নানা ফলমূল। গরাইয়া নাচ পরিবেশনের শেষ দিন দলের সদস্যরা দেবতার উদ্দেশ্যে পূজা দিয়ে মঙ্গল কামনা করেন। তবে বর্তমানে কেউ আর তেমন বায়না করে না বলে সারা বছর এই নাচ হয় না। তবুও ত্রিপুরা নববর্ষ উৎসব—বৈসু এলে এই বয়সেও গরাইয়াতে অংশ নেন তিনি।

বাঁশিবাদক বারি কুমার ত্রিপুরা ও গরাইয়া নাচের দলের সদস্য মিনিচা ত্রিপুরা জানান, এই নাচে কেউ একবার অংশ নিলে তাকে পরপর তিনবার অংশ নিতে হয়। কেউ যদি কোনো কারণে অংশ নিতে না পারে তবে ক্ষমা চাইতে হয় গরাইয়া দেবের কাছ থেকে। একসময় এই নাচে কেবল পুরুষেরাই অংশ নিত, তবে এখন নারীরাও অংশ নেন।

গবেষক ও লেখক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, আগেকার দিনে সাত দিন সাত রাত গরাইয়া নাচ উৎসব চলত। এখন তেমন জমজমাট হয় না। কেবল নিয়ম পালনের জন্য গরাইয়া নাচ হয়। এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য সরকারি, বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।