নরসিংদীর ঘটনার তদন্ত করবে মানবাধিকার কমিশন
যে নামেই ডাকা হোক বিচারবহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান
নরসিংদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হওয়ায় ঘটনা তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন।গতকাল বুধবার এক কর্মশালায় সভাপতির বক্তৃতায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান এ ঘোষণা দেন। কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুকযুদ্ধ—যে নামেই ডাকা হোক না কেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। কোনো সভ্য সমাজে তা হতে দেওয়া যায় না।’মিজানুর রহমান বলেন, ‘কিছুদিন আগেও ভেবেছিলাম, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। কিন্তু সামপ্রতিক সময়ে পর পর দুটি ক্রসফায়ারের ঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। বিষয়টি নিয়ে কমিশনের সকল সদস্য মিলে আলোচনা করা হবে। কমিশনের সদস্যরা যদি প্রয়োজন মনে করেন, তাহলে নরসিংদীর ঘটনার খুব শিগগির তদন্ত হবে।’রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘মানবাধিকার, ভূমি ও খাদ্যে জনগণের অধিকার’ শীর্ষক দুই দিনব্যাপী এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ (এএলআরডি) ও ভারতের ইনস্টিটিউট অব মোটিভেটিং সেলফ এমপাওয়ারমেন্ট। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তাঁর কাছে সামপ্রতিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। এরপর সাংবাদিকেরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করে হলেও এ সরকারের আমলেই যুদ্ধাপরাধের বিচার হবে।পার্বত্য চুক্তি অনুযায়ী ভূমি কমিশন কেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান করছে না, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভূমি কমিশন এ নিয়ে কাজ করছে। কিন্তু স্থানীয় নেতাদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না।কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত। তিনি বলেন, দেশে জলাভূমি, কৃষিজমি মিলিয়ে মোট খাসজমির পরিমাণ ৫০ লাখ একর। এর মধ্যে ২৬ লাখ একর জমি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের তত্ত্বাবধানে রয়েছে। রাজধানী ও এর আশপাশের এলাকায় খাসজমির পরিমাণ ১০ হাজার একর। তবে এসব জমির বেশির ভাগ স্থানীয় প্রভাবশালী ও আবাসন কোম্পানির অবৈধ দখলে।প্রভাবশালীদের হাত থেকে খাসজমি উদ্ধার করে তা ভূমিহীন, আদিবাসী ও দরিদ্র জনগণের মধ্যে বণ্টন করে দেওয়ার সুপারিশ করেন আবুল বারকাত। তিনি বলেন, এতে দেশে দারিদ্র্যের পরিমাণ কমবে।