যে পারো দেখাও আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা হোসেন
সেলিনা হোসেন

যে গ্রামটিতে আমার অনেকবার যাওয়া হয়েছে, তার নাম ডৌয়াতলা। বামনা উপজেলার একটি প্রান্তিক গ্রাম। জেলা বরগুনা। এখন থেকে তিরিশ বছর আগে যখন গিয়েছি তখন এর প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে গিয়েছিল। খালের পথে বাড়ি পর্যন্ত নৌকায় করে গিয়েছিলাম। এখন সেই খাল নেই। সড়কপথ তৈরি হয়েছে। এখন ডৌয়াতলা বাজার থেকে বাসে করে সরাসরি ঢাকায় আসা যায়। উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার এটি একটি দিক।

গত সেপ্টেম্বরে এক সপ্তাহের জন্য ওই গ্রামে গিয়েছিলাম। সড়কপথে গাড়িতে যেতে দেখি পাকা ধানখেতের ওপর সাদা জাল পেতে রাখা হয়েছে। একজনকে জিজ্ঞেস করলাম, ধানখেতের ওপর এই জাল কেন? আরেকজন হেসে উঠে বলে, পড়েননি সেই ছড়া? বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে? এই জাল বুলবুলির ধান খাওয়ার পথে বাধা। তাই তো, গরিব কৃষকের খাজনা দেওয়ার দিন তো ফুরোয়নি, নুন আনতে পান্তা ফুরোয় যাদের জীবনে। দূরে বিষখালি নদীর দিকে তাকাই। যে চর জেগে উঠতে দেখেছিলাম, সেটা এখন সবুজ হয়েছে, যদিও বসতি নেই।

প্রবীণদের কাছ থেকে জেনেছিলাম, একসময় ডৌয়াতলা বাজার নদীবন্দর হিসেবে পরিচিত ছিল। গ্রামটির উত্তর-পশ্চিম সীমারেখায় ডৌয়াতলা বাজার এককালের খরস্রোতা হলতা নদীর ধারে অবস্থিত ছিল। শোনা যায়, একসময় এই নদীতে কুমির ছিল। জেলেদের জালে আটকে পড়লে কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলা হতো। এ জন্য নদীর পশ্চিম তীরের গ্রামটির নাম কুমিরমারা। এখন হলতা নদী খালে রূপান্তরিত হয়েছে। আর কে না জানে যে মরে যাওয়া নদীর জন্য সরকারের উন্নয়নের হাত থাকে সংকুচিত।

এলাকাবাসী জানান, পাকিস্তান আমলের শেষ অবধি সরকারি উদ্যোগে কোনো উন্নয়ন কার্যক্রম এ গ্রামে হয়নি। এমনকি কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ছিল না। স্থানীয়দের উদ্যোগে একটি মক্তব ছিল। আর স্বচ্ছল পরিবারের ছেলেমেয়েরা অন্য এলাকার হাইস্কুলে গিয়ে পড়ালেখা করত। ১৯৬৮ সালের জানুয়ারিতে স্থানীয় জনগণের উদ্যোগে ডৌয়াতলায় জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই পরিস্থিতিতেও মুক্তিযুদ্ধের সময়ে এই গ্রাম থেকে ৪০-৫০ জন তরুণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন এবং দেশে ফিরে এসে যুদ্ধ করেন। এই এলাকা ছিল নয় নম্বর সেক্টরের অধীনে।

মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করার কারণে যখনই গ্রামে যাই, মুক্তিযোদ্ধাদের কেউ কেউ খোঁজ নিতে আসেন। কুশল বিনিময় হয়। তাঁদের কাছ থেকে গল্পের মতো শুনতে পাই অনেক কথা। গ্রামের নারীরা মুক্তিযোদ্ধাদের খাবারের ব্যবস্থা করতেন, কাদামাখা পায়ে ঘরের উঠোনে এলে রাতদুপুরে পুকুর থেকে বালতি ভরে পানি নিয়ে আসতেন। নিজেদের হাতে পায়ের কাদা ধুয়ে দিতেন। বলতেন, দেশের স্বাধীনতার জন্য তোরা যুদ্ধ করেছিস, তোদের জন্য কিছু করতে পারাকেও আমাদের যুদ্ধ করা মনে হয়।

একদিন তাঁদের কয়েকজন বললেন, ‘এই গ্রামে একটি শহীদ স্মৃতিস্তম্ভ করা যায় না? আমাদের স্কুল ও কলেজের মাঠে?’

ওদের এই আবেগের কথা মাথায় রাখি। ঢাকায় এসে অনেকের কাছে বললে সবাই বলেন, হ্যাঁ, শহীদ স্মৃতিস্তম্ভ করার কথা ভাবা যায়।

হলতা-ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষ কম, কমনরুমও নেই। ছবি: সাহাদাত পারভেজ
হলতা-ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষ কম, কমনরুমও নেই। ছবি: সাহাদাত পারভেজ

এটি একটি দিক। উল্টো দিকও আছে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে এসব মুক্তিযোদ্ধার পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি। মুক্তিযোদ্ধারা জানান, ২০০০ সালে ডৌয়াতলায় একখণ্ড সরকারি জমির ওপর মুক্তিযোদ্ধাদের জন্য একটি মার্কেট করার জন্য স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছিল। সে সময়কার জেলা প্রশাসক মার্কেটের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন। পরবর্তীকালে এই উদ্যোগও থেমে যায়। এই একখণ্ড জমিতেই ৪০-৫০ জন মুক্তিযোদ্ধার পুনর্বাসনের বিষয়টি সাবেক জেলা প্রশাসকের বিবেচনায় ছিল। এভাবে কতকিছু কতভাবে দমিত হয়। স্বাধীনতা-পরবর্তী দীর্ঘ সময় ধরেই দেখা গেছে, ব্যক্তির স্বার্থ-রক্ষার কাছে বৃহত্তরের স্বার্থ-চিন্তা মুখ থুবড়ে পড়েছে। মুক্তিযোদ্ধাদের অনুজ্জ্বল দৃষ্টিতে বেদনার ছায়া ভাসে—যাঁরা একাত্তরে তারুণ্যের দীপ্তিতে গলা ফাটিয়ে প্রশিক্ষণ ক্যাম্পে স্লোগান দিতেন—খাবার চাই না, অস্ত্র চাই, এখনো সময় আছে তাঁদের জন্য কিছু করার। বর্তমান জেলা প্রশাসক কি উদ্যোগ নেবেন? স্বাধীনতার পর ১৯৭২ সালে ডৌয়াতলার একমাত্র স্কুলটি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ১৯৭২ সালে আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জমি দান করেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খান। একজন প্রবীণ বলেন, ‘শিক্ষার জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। আমরা সাধ্যমতো করিও। কিন্তু করার ক্ষমতা বেশি নেই বলে পিছিয়ে পড়ি।’

হলতা-ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক বলেন, ‘এখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় তিনটি শ্রেণীতে একাধিক শাখা করতে হয়েছে। ছেলেমেয়েদের ক্লাসরুমে জায়গা দেওয়া যাচ্ছে না। ছাত্রীদের কমনরুমও নেই। কষ্ট করে স্কুল চালাই।’

বিষণ্ন হয়ে যায় হেডমাস্টারের দৃষ্টি। পরক্ষণে মুখ উজ্জ্বল করে বলেন, এই স্কুলটির অবস্থান নানাদিক থেকে গুরুত্বপূর্ণ। সকালবেলা পান্তা খেয়ে বামনা, পাথরঘাটা, মঠবাড়িয়ার কাছাকাছি জায়গা থেকে স্কুলে আসতে পারে ছেলেমেয়েরা। এই স্কুলে যদি এসএসসি পরীক্ষার কেন্দ্র করা যায় তবে ওরা সহজে আসতে পারে, মাথা ঠান্ডা করে পরীক্ষা কেন্দ্রে বসতে পারে।

ওঁর দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, বরিশাল বোর্ডের চেয়ারম্যান বিমলকৃষ্ণ মজুমদার বাবুর কাছে যেতে পারি।

‘আমিও আপনাদের সঙ্গে যাব।’ হেডমাস্টার আগ্রহ নিয়ে বলেন।

একদিন আনোয়ার হোসেন খান, কাজী রোজী, কলেজের প্রিন্সিপাল, হেডমাস্টারসহ আমরা বোর্ডের চেয়ারম্যানের কাছে যাই। বিমলকৃষ্ণ মজুমদার সজ্জন ব্যক্তি। আমাদের যুক্তির কথা শুনলেন। গ্রামবাংলার ছেলেমেয়েরা পান্তা খেয়ে স্কুলে যায়। পুষ্টিহীন ছেলেমেয়েদের হাঁটার সাধ্য আর কতটুকুই বা থাকে! তিনি হেডমাস্টারকে নিয়মমাফিক কাগজপত্র জমা দিতে বললেন। পরবর্তী সময়ে হেডমাস্টার কাগজপত্র জমা দিলেন।

হলতা-ডৌয়াতলা মাধ্যমিক স্কুলের জন্য বোর্ডের কমিটি কর্তৃক অনুমোদিত হলো এসএসসি পরীক্ষার কেন্দ্র। এলাকার শিক্ষাক্ষেত্রে অগ্রগতির একটি বড় দিক সূচিত হলো। শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকা গ্রামটিতে শিক্ষার একটি ধাপ সূচিত হলো। গ্রামবাসীর আনন্দের সীমা বাঁধ ভাঙল।

আনন্দের সঙ্গে দুঃখও থাকে। ১৯৮৭ সালে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান বাবার জমিতে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটি ডিগ্রি শ্রেণীতে উন্নীত হলেও দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষ থেকে কোনো উন্নয়ন কার্যক্রমের ছোঁয়া লাগেনি। অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্তসংখ্যক পাঠদান কক্ষ বরাদ্দ করা যাচ্ছে না। ছাত্রছাত্রীদের অনেক সময় দাঁড়িয়ে থেকে ক্লাস করতে হয়।

একটি শহীদ স্মৃতিস্তম্ভের কথা বলেছিলাম। অনেকের আর্থিক অনুদানে স্কুল-কলেজের মধ্যবর্তী মাঠের মাথায় একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা সম্ভব হয়েছে। নকশা করে দিয়েছেন কবি ও আর্কিটেক্ট রবিউল হুসাইন। ২০১২ সালের ২৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কলেজের রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। তিনি বলেছিলেন, এসব নিদর্শন শিক্ষার অংশ। শ্রেণীকক্ষের বাইরে যে পাঠদান হয় সে পাঠদান সম্পন্ন হয় এ ধরনের নিদর্শনের মাধ্যমে। প্রজন্ম তার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়।

স্থানীয় জনগণ আশায় বুক বেঁধে আছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় কলেজের একটি বড় ভবন হবে। হয়তো হবে। হয়তো গ্রামবাসীর স্বপ্ন পূরণ হবে। গ্রামের দরিদ্র মানুষের পক্ষে কলেজের ভবনে টাকা জোগান দেওয়া সম্ভব নয়। প্রয়োজন অনেকের সম্মিলিত চেষ্টা।

দুঃখজনক হলেও সত্যি এই মাঠের জমির খানিকটুকু অংশ সরকারি খাস হওয়ার সুবাদে পুরো খেলার মাঠে গরুর হাট বসে প্রতি রোববার। সপ্তাহের ওই দিন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যায়। উপরন্তু গরুর পায়ের খুড়ের চাপে এবড়ো-খেবড়ো হয়ে যায় মাঠ। দীর্ঘদিন ধরে গরুর হাটটি বাজারের অপর প্রান্তে সরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের দাবি উপেক্ষিত হচ্ছে। অন্যদিকে গরুর হাট অপসারণ করা না হলে শহীদ স্মৃতিস্তম্ভের পবিত্রতা রক্ষা করাও সম্ভব হয় না। এর দায়িত্ব স্থানীয় মানুষের। কিন্তু পরিশীলিত রুচিবোধ সবার মধ্যে সব সময় কাজ করে না। বিষয়টির দিকে জেলা প্রশাসক নজর দেবেন কি? বিষয়টি সুরাহা করার জন্য তাঁর কাছে দাবি জানাই।

৩ বর্গকিলোমিটার আয়তনের গ্রামটি পূর্ব-পশ্চিমে সম্প্রসারিত একটি গ্রাম। ইউনিয়ন পরিষদ-সংলগ্ন ব্যক্তিমালিকানার জমি স্থানীয় দাতা কর্তৃক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করার জন্য দান করা হলেও কমপ্লেক্স নির্মাণ করার কাজ ব্যক্তি-কোন্দলে থেমে আছে। এই এলাকা থেকে এগিয়ে গেলে পাওয়া যাবে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ অফিস। চমৎকার কমপ্লেক্স, সুন্দর ভবন, ভবনের সামনে চমৎকার বাগান। ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ অফিসটি এমন হবে কবে? ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে গ্রামটিকে দুই চোখ ভরে দেখা যায় না? ক্ষুদ্র স্বার্থ কেন উন্নয়নকে ব্যাহত করবে? দুঃখের সঙ্গে বলতে হয়, সরকারি কমিউনিটি ক্লিনিকটি পর্যাপ্ত মেডিকেল স্টাফ এবং ওষুধের স্বল্পতা নিয়ে কোনোরকমে চলছে। নাই প্রাণ, নাই শীতল জল।

সব মিলিয়ে এই গ্রামের একটি চিত্র এভাবে দাঁড় করানো যায়—

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন; মেয়েদের জন্য ছাত্রী হোস্টেল নির্মাণ; হিন্দু পবিরারের সদস্যদের ব্যবহার নিশ্চিত করার জন্য শ্মশানের যথাযথ সংরক্ষণ; মসজিদটি সংস্কারের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন; গ্রামের ভেতরের রাস্তাগুলো পাকাকরণ; নলকূপের অপ্রতুলতা দূরীকরণ এবং কমিউনিটি ক্লিনিকটিকে স্বাস্থ্যসেবা পাওয়ার উপযুক্তকরণ। একটি গ্রামের এমন ঘাটতি অনেকখানি। প্রয়োজন যতটা সম্ভব ততটা অভাবকে কমিয়ে আনা। দরকার উদ্যোগ, দরকার সদিচ্ছা। এমন মানুষ আমাদের চারপাশে আছেন; তাঁদের কাছে খবরটুকু পৌঁছালে যে ঘাটতির উল্লেখ করলাম তার নিরসন সম্ভব।

ছয় বছর ধরে এই গ্রামে ফারিয়া লারা ফাউন্ডেশন শিক্ষা-সংস্কৃতি কর্মসূচি পরিচালনা করে। আনুষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য এবং সাংস্কৃতিক সচেতনতা ধরে রাখার প্রয়াস থেকে এই চেষ্টা। এই প্রতিযোগিতায় এক ঘণ্টার পরীক্ষা নেওয়া হয়, নির্বাচিতদের মৌখিক পরীক্ষা হয়। আরেক দিন বিজয়ীদের পুরস্কার প্রদানের জন্য ডাকা হয়। বামনা-বেতাগী-পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলেমেয়েরা। মঠবাড়িয়া উপজেলা থেকেও আসে। ২০১০ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক লাভ করে সাওদা আখতার। আমি ওকে প্রথম দেখি ডৌয়াতলায়। পুরস্কার নিতে এসেছে, সঙ্গে মা। পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সুন্দর ভাষায়, সুন্দর বাচনভঙ্গিতে। আমি মুগ্ধ হই। এই গ্রাম থেকে পাথরঘাটার দূরত্ব ৩০ কিলোমিটার। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ওকে তিনবার আসতে হয়েছে ডৌয়াতলায়। ওর মাকে বলেছিলাম, এই মেধাবী মেয়েটিকে পড়ালেখা না শিখিয়ে বিয়ে দেবেন না কিন্তু। মা বিষণ্ন কণ্ঠে বলেছিলেন, ‘ছেলেরা খুব পিছে লাগে। কী যে করব।’

মায়ের আশঙ্কা সত্যি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটিকে নিহত হতে হলো।

অনেক মা-ই বলেন, আপনারা যদি মেয়েদের জন্য একটি হোস্টেল করেন, তবে আমরা নিশ্চিন্তে মেয়েগুলোকে কলেজে পাঠাতে পারি।

আমাদের হোস্টেল করার সাধ্য নেই। বিত্তবানেরা কি এগিয়ে আসবেন? মেয়েরা দুর্বৃত্তদের হাতে প্রকাশ্যে খুন হবে এটা কোনো ন্যায়ের জায়গা নয়। আমরা এই গ্রামটিকে নারী-পুরুষের সমতার জায়গায় পাওয়ার স্বপ্নে আছি।

প্রয়োজন একটুখানি সহযোগিতা এবং গ্রামবাসীর সম্মিলিত চেষ্টা।

সেলিনা হোসেন: কথাসাহিত্যিক