যে পার্কে থাকবে শুধু দেশি গাছ
শহুরে পার্কে দেখা যাবে জারুল, কৃষ্ণচূড়া, আম, কাঁঠাল, মেহগনি, নিম, অর্জুন, শিলকড়ই, জামরুল, নারকেল ও তালসহ দেশীয় নানান জাতের ফুল, ফল ও ঔষধি গাছ। পার্কগুলো ব্যবহার করে আশপাশের মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা বোধ করবেন—এমন ভাবনা থেকেই ঢাকার দুটি পার্কের আধুনিক নকশা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাজধানীর নিকেতনে অবস্থিত শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক ও ওয়ান্ডারল্যান্ড পার্ক দুটিকে আধুনিকায়ন করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের করা নকশা নিয়ে গতকাল রোববার থেকে এ প্রদর্শনী শুরু হলো। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ও বুয়েটের স্থাপত্য বিভাগের সহযোগিতায় গতকাল গুলশানের বাংলাদেশ শুটিং ফেডারেশন হলরুমে এ নকশাগুলো উপস্থাপন করা হয়।
বুয়েটের এসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পার্ক দুটির নিয়মিত ব্যবহারকারীদের সঙ্গে আলাপ করে সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে নকশাগুলো তৈরি করেছেন। নকশাগুলোর মধ্যে আটটি প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এগুলো আজ সন্ধ্যা পর্যন্ত দুই পার্কেই প্রদর্শিত হবে। এলাকাবাসীর মত নিয়ে পার্কের নকশাগুলোকে চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আনিসুল হক বলেন, তাঁর দায়িত্ব নেওয়ার পর গত দুই বছর রাস্তা ঠিক করতেই বেশি সময় লেগে গেছে। ঢাকার ৬৩টি জায়গায় ময়লা পড়ে থাকত। এখন ৫০টি আধুনিক ময়লা ফেলার জায়গা তৈরি করা হয়েছে। ডিএনসিসির নিজস্ব অর্থায়নে বর্তমানে ছয়টি পার্ক উন্নয়ন করা হচ্ছে। এ ছাড়া ঢাকার পার্কগুলোকে সবার জন্য ব্যবহার উপযোগী করতে সিটি করপোরেশন কাজ করছে।
বুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. খন্দকার শাব্বির আহমেদ বলেন, পার্কগুলো চিত্তবিনোদনের ক্ষেত্র বা প্রাকৃতিক জায়গা হিসেবে কাজ করবে, আবার বিপদের সময় মধ্যবর্তী সুরক্ষার কাজ করবে।
অনুষ্ঠানে মত দিতে গিয়ে ডা. হাসিনা বানু বলেন, ‘সন্তানদের আমরা ফার্মের মুরগি বানিয়ে ফেলছি। স্কুল থেকে বাসায় ফিরে কম্পিউটার, ট্যাব ছাড়া বিনোদনের আর কোনো জায়গা নেই। ফলে ২০-২১ বছর বয়সে হৃদ্রোগের সমস্যায় পড়ছে। তারাও যাতে পার্ক ব্যবহার করতে পারে, খেলতে পারে, সে জন্য এগুলোকে প্রস্তুত করতে হবে।’
ডিএনসিসির প্রধান পরামর্শক (স্থাপত্য) মো. রবিউল ইসলাম বলেন, বাংলাদেশে এ ধরনের প্রকল্প ঢাকা উত্তর সিটি করপোরেশন এবারই প্রথম নিয়েছে।
পার্কগুলোতে ঋতুভিত্তিক দেশি জাতের ফুল-ফল-বনজ গাছ থাকবে, যাতে নগরের বাস্তুসংস্থান উন্নত হয়।
অনুষ্ঠানে ডিএনসিসির পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড.¯তারিক বিন ইউসুফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম নাজমুল ইমাম। আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আনোরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান।