যে পৌরসভা মাদকমুক্ত করবে তাকেই ভোট দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা (ভোটার) মাদকমুক্ত পৌরসভা দেখতে চাই। ২৭ জানুয়ারি পৌরসভা নির্বাচন। যে মাদকমুক্ত পৌরসভা করে দিতে পারবে, তাকেই আমরা মেয়র হিসেবে ভোট দেব।’ গত শুক্রবার বেলা ১১টায় শহরের আদালত ভবন চত্বরে দাঁড়িয়ে এসব কথা বলেন স্থানীয় মোহাজেরপাড়ার ভোটার আমজাদ হোসেন (৩৮)। শহরের হাসপাতাল সড়কের ভোটার চন্দন কান্তি দাশ, এন্ডারসন সড়কের ব্যবসায়ী মো. হানিফ, টেকপাড়ার কলেজছাত্র নজরুল ইসলামসহ কয়েকজন একই ধরনের মতামত ব্যক্ত করেন। তাঁরা জানান, নেশার বড়ি ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল আসক্ত হয়ে শহরের হাজার হাজার তরুণ-যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের এ নিয়ে কোনো আক্ষেপ নেই। অনুসন্ধানে জানা গেছে, শহরের বৌদ্ধমন্দির সড়ক, হাঙ্গরপাড়া, মাছবাজার, বৈদ্যঘোনা, কলাতলী, সৈকতপাড়া, কুতুবদিয়াপাড়া, শংকরমঠ, ঘোনাপাড়া, বাদশাঘোনা, হাসপাতাল সড়ক, পেশকারপাড়া, হোটেল-মোটেল জোন, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট, বার্মিজ মার্কেট, মোহাজেরপাড়া, বইল্যাপাড়া, পাহাড়তলী, জাদিরাম পাহাড়, খাজামঞ্জিল, বাস টার্মিনাল, হাঙ্গরপাড়া, সাহিত্যিকা পল্লী, আলিরজাহান, নুনিয়াছটা, বাহারছড়াসহ বিভিন্ন অলিগলিতে মাদকদ্রব্য বেচাকিনি হচ্ছে। এর পেছনে রয়েছে একাধিক শক্তিশালী সিন্ডিকেট। তাদের নেতৃত্ব দেন রাজনৈতিক দলের কতিপয় নেতা। শহরের এন্ডারসন সড়কের ভোটার আবদুল কাইয়ুম ও এরশাদুর রহমান জানান, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে এলাকার নানা উন্নয়নের আশ্বাস দিলেও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের আখড়া উচ্ছেদের ব্যাপারে তেমন কিছুই বলেন না। কারণ এসব উৎস থেকে বহু প্রার্থী চাঁদা পান। এ ব্যাপারে মেয়র পদপ্রার্থী জগদীশ বড়ুয়া বলেন, ‘সত্য কথা বলায় এমনিতে ঝুঁকির মুখে আছি। যেকোনো সময় আমাকে মেরে ফেলা হতে পারে। তাই বিকল্প হিসেবে আমার স্ত্রীকে দিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছি। এ অবস্থায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে আরও বেশি বিপদ নেমে আসবে।’ মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘শুরু থেকে আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এখনো সক্রিয় আছি। এলাকার তরুণ যুবসমাজকে রক্ষা করতে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’ চারদলীয় জোট সমর্থিত মেয়র পদপ্রার্থী সরওয়ার কামাল বলেন, ‘প্রশাসনের উদ্যোগে মাদকের আখড়া উচ্ছেদ ও বেচাকেনা বন্ধ করতে হবে। আমরা প্রশাসনকে এ ব্যাপারে সহযোগিতা দেব।’এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) নিবাস চন্দ্র মাঝি বলেন, ‘পর্যটন শহর ও মিয়ানমার সীমান্ত জেলা শহর হওয়ায় এখানে মাদকের পাচার ও বেচাকেনা হচ্ছে। ভ্রমণে আসা একশ্রেণীর লোক মাদকের প্রতি ঝুঁকে পড়ে। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০-১৫টি মাদকের আখড়া উচ্ছেদসহ প্রায় ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে অন্যান্য আখড়াও উচ্ছেদ করা হবে।’