যে বস্তিতে অপরাধী থাকে সে বস্তি থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে বস্তিতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিরা থাকবে, তা তুলে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। গতকাল শনিবার রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ ওই সমাবেশের আয়োজন করে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান বক্তা ছিলেন আইজিপি শহীদুল হক। এ ছাড়া স্থানীয় সাংসদ এ কে এম রহমতউল্লাহ, তিতুমীর কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াকিল উদ্দীন আহমেদ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান ও পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোশতাক আহমেদ খান বক্তব্য দেন। সমাবেশে গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানা এলাকার ৫০ জন মাদকসেবীকে পুনর্বাসিত করা হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় তাঁদের একটি করে সেলাই মেশিন ও চার হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, ‘এখানে যে কড়াইল বস্তি আছে তার নেতাদের দেখতে হবে এখানে কোনো অপরাধী বা মাদক ব্যবসায়ী আছে কি না। আপনাদেরই (জনগণ) এ দায়িত্ব পালন করতে হবে। যদি কোনো বস্তিতে অপরাধী থাকে, জঙ্গি বা মাদক ব্যবসায়ী থাকে, সে বস্তি আমরা রাখব না। সে বস্তি উঠিয়ে নেওয়া হবে, পরিষ্কার কথা।’