যে বাসের যাত্রী তার চাকাতেই করুণ বিদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের পরও থেমে যাননি তিনি। শেষে থামতে বাধ্য হয়েছেন বাসের নিচে পড়ে। বাস থেকে নামতে গিয়ে সেই বাসেরই চাকায় পিষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হকের (৬৪) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর মতিঝিলে এই ঘটনা ঘটে।শহীদুল হক বাংলাদেশ ব্যাংকের আইন শাখার সাবেক উপপরিচালক। বাংলাদেশ ব্যাংক থেকে অবসরের পর তিনি সান স্টিল রোলিং মিলের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।নিহত শহীদুল হকের ছোট ভাই আসাদুল হক জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার বায়েজীদ বোস্তামি সড়কের এফ-৪ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তাঁর সর্বশেষ কর্মস্থলও ছিল মতিঝিলে। তিনি নারায়ণগঞ্জ থেকে ট্রেনে কমলাপুরে আসতেন প্রতিদিন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আসাদুল হক বলেন, গতকাল সকালেও তিনি ট্রেনে করে প্রথমে কমলাপুর স্টেশনে নামেন। সেখান থেকে ৬ নম্বর রুটের বাসে করে মতিঝিলে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে মতিঝিল শাপলা চত্বরে বাস থেকে নামতে গিয়ে ওই বাসেরই পেছনের চাকার নিচে পড়ে যান তিনি। পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ বলেন, বাসটি আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক ও অন্য কর্মীরা পালিয়ে গেছেন।শহীদুল হকের পারিবারিক সূত্র জানায়, তিনি চার ছেলে ও এক মেয়ের বাবা। স্ত্রীর নাম রাবেয়া বেগম। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের রূপনগর এলাকায়। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানেই তাঁকে দাফন করার কথা রয়েছে।