যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের 'বন্দী' জীবন

দল বেঁধে আসতে মানা। একবার ঢুকলে ছুটির ঘণ্টা বাজার আগে আর বেরোনো যাবে না। কিছু পরিস্থিতিতে প্রবেশই নিষিদ্ধ। দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতে গেলে ‘কাকুদের’ বকাবকির ভয়।
এ অবস্থা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির আঙিনায় হওয়ায় শিক্ষার্থীদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিধিনিষেধ মানতে হয়। বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন শিক্ষক ও অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি প্রাথমিক বিদ্যালয় ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে ৩২৮ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু বিদ্যালয়টি প্রত্নতত্ত্ব বিভাগের অধিগ্রহণ করা এলাকার মধ্যে পড়ায় কোমলমতি ওই শিশুরা লেখাপড়ার স্বাচ্ছন্দ্য পরিবেশ পাচ্ছে না। মধুসূদন দত্তের বাড়িটি ঘিরে মধুপল্লি গড়ে তুলেছে প্রত্নতত্ত্ব বিভাগ। সেখানে একদিকে যেমন শিক্ষার্থীদের অবাধ যাতায়াতে বিধিনিষেধ রয়েছে, অন্যদিকে পর্যটকদের ভিড়ের কারণে তারা লেখাপড়ায় মনোযোগী হতে পারে না।
শিক্ষক দ্বীন ইসলাম বলেন, ‘শিশুদের মতো আমরাও বন্দী হয়ে আছি। আমরা যখন স্কুলে আসি, তখন প্রধান ফাটক অনেক সময় খোলা হয় না। আমাদের মোটরসাইকেল ঢোকাতে গেলে সমস্যা হয়। আমরা যখন-তখন মধুপল্লি থেকে বের হতে পারি না। মধুমেলার (২৫ জানুয়ারি কবির জন্মবার্ষিকী উপলক্ষে) সাত দিন স্কুল বন্ধ রাখতে হয়।’
চতুর্থ শ্রেণির তানভির ও ফয়সাল বলে, তাদের কোনো খোলার মাঠ নেই। অল্পস্বল্প যে খোলা জায়গা আছে, সেখানে দৌড়াদৌড়ি করলে জাদুঘরের কাকুরা বকাবকি করে। স্কুলে ঢুকলে আর মূল ফটকের বাইরে যেতে দেওয়া হয় না। একসঙ্গে আসতে চাইলে বাধা দেওয়া হয়। আবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে তাদের ঢুকতেই দেওয়া হয় না।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে তারা মধুসূদন দত্তের বাড়িটি সংরক্ষণের জন্য অধিগ্রহণ করে। আর ১৯৯৯-২০০০ অর্থবছরে এখানে মধুপল্লি নির্মাণ করা হয়। তখন বাড়ির পুরো এলাকা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়। প্রাথমিক বিদ্যালয়টি তখন থেকে সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে যায়। সংরক্ষিত এলাকা হওয়ায় বিধিনিষেধ আরোপ ছাড়া উপায় নেই।
মধুপল্লির কর্মচারী চঞ্চল দত্ত বলেন, ছাত্রছাত্রীরা যখন-তখন যাতায়াত করে। ফলে তাদের নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ে। তারা অনেক সময় মধুপল্লির ভেতরে থাকা ফুল ও ফুলের চারাও তুলে নিয়ে যায়। এসব কারণে মাঝেমধ্যে তাদের ভয় দেখানো হয়। কিন্তু বকাবকি করার অভিযোগ সঠিক নয়।
মধুপল্লির কাস্টডিয়ান মহিদুল ইসলাম বলেন, এখানে বিদ্যালয়টি থাকায় তাঁরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। অবাধে শিক্ষার্থী-শিক্ষকদের যাতায়াতের কারণে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজস্ব হারাচ্ছে। মূল ফটকের কর্মচারীরা লোক চিনতে পারেন না। শিক্ষার্থীদের বকাবকি করা হয় না বলে দাবি করেন তিনিও।
এদিকে বিদ্যালয়টিতে জায়গার খুবই সংকট। আগে মধুসূদন দত্তের বাড়ির আঙিনায় টিনশেড ঘরে বিদ্যালয়ের কার্যক্রম চলত। ১৯৯৩ সালে এখানে তিন কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।
গত ১৯ নভেম্বর সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবন ঘেঁষে দুটি ভবন রয়েছে। এ দুটি মহাকবির পৈতৃক বাড়ি। একটি বিদ্যালয়ে ঢোকার পথ থেকে মাত্র দুই ফুট দূরত্বে অবস্থিত। আর বিদ্যালয়ের সামনের ভবনটির দূরত্ব মাত্র পাঁচ ফুট। শিক্ষার্থীদের একটি গাছের নিচে বসে ক্লাস করতে দেখা গেল। তৃতীয় শ্রেণির অন্তরা দাস বলে, ‘শ্রেণিকক্ষ না থাকায় আমাদের গাছের নিচে মাটিতে বসেই ক্লাস করতে হয়।’
এক শিক্ষার্থীর অভিভাবক নারু গোপাল দাস বলেন, ‘মধুপল্লির ভেতরে ছেলেমেয়েদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নেই। বিদ্যালয়টি অন্য কোথাও সরিয়ে নিতে হবে। এ দাবি আমরা অনেক বছর ধরে জানাচ্ছি। কিন্তু কিছুই হচ্ছে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসা বলেন, অনেক বছর ধরে বিদ্যালয়টি স্থানান্তরের চেষ্টা চলছে। সর্বশেষ ২৬ জুন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে তিনি চিঠি দিয়েছেন।
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, ‘আমারও মনে হয়েছে বিদ্যালয়টি স্থানান্তর করা দরকার। কিন্তু মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত না দিলে করার কিছুই নেই।’