
১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, তা এখন ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ বা বৈশ্বিক স্মৃতির অন্যতম দলিল। কারণ, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এই ভাষণকে ‘বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচির আওতায় একটি আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে এই মনোনয়ন দেয়। ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা ২০১৭ সালের ৩০ অক্টোবর এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এই তালিকায় ৭৮টি দলিল মনোনয়ন পেয়েছে, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটিকে ৪৮ নম্বরে স্থান দেওয়া হয়েছে।
ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় থাকে ঐতিহ্যময় ও গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক নিদর্শন। এই তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিক প্রভাব থাকতে হয়। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে নতুন করে প্রস্তাবিত ঐতিহাসিক দলিল দুই বছর ধরে পরীক্ষা ও মূল্যায়ন করে দলিলগুলো নির্বাচন করা হয়।
যুদ্ধ ও সামাজিক অস্থিরতা, সম্পদের অপ্রতুলতার কারণে দালিলিক ঐতিহ্য সংরক্ষণ কঠিন হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন সংগ্রহশালা বিনষ্ট হয়েছে। লুটপাট, অবৈধ বিক্রি, ধ্বংস, অপর্যাপ্ত অবকাঠামো ও তহবিলের উদ্যোগে নষ্ট হয়েছে দলিল। অনেক দলিল নষ্টের ঝুঁকিতে। তাই ইউনেসকো ১৯৯২ সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচি চালু করে। বিশ্বের বিভিন্ন দেশের দালিলিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবহারে সচেতনতা সৃষ্টির তাগিদে এটা করা হয়।
ইউনেসকোর এই স্বীকৃতির মাধ্যমে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের বৈশ্বিক গুরুত্ব ও মর্যাদা অর্জিত হলো। দেশি-বিদেশি সংবাদমাধ্যমে এই ভাষণকে ‘বৈশ্বিক সম্পদ’ বলে আখ্যা দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশে অনেকেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে স্বাধীনতার প্রথম ঘোষণা বলে মনে করেন। কারণ এই ভাষণের শেষের দিকে বঙ্গবন্ধু বলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।’
খবরটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে বিভিন্ন স্তরের মানুষ আনন্দ-উল্লাস প্রকাশ করেন।