
নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দিলে বিএনপিকে পছন্দমতো মন্ত্রণালয় দেওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নির্বাচনসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের হাতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
গতকাল রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। আপনার সাংসদদের নাম দিন, মন্ত্রিসভায় যোগ দিন। যে মন্ত্রণালয় চাইবেন, তা-ই দেওয়া হবে। আসুন, আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করি। গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখি।’
৩০০ সংসদীয় আসনে দুই হাজার ৬১১ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের ফরম কিনেছেন। গণভবনে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এ মতবিনিময় সভা চলে।
সভায় শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্য দেন। মঞ্চে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, এইচ টি ইমাম প্রমুখ।
সূচনা বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আসনভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের নাম ধরে ডাকেন। সবাই হাত উঁচিয়ে দাঁড়িয়ে তাঁকে সালাম জানান। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁকেই মনোনয়ন দেওয়া হোক তাঁর পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, নৌকা প্রতীকে ভোট চাইতে হবে এবং চোখ বন্ধ করে নৌকায় ভোট দিতে হবে। মন্ত্রী-সাংসদদের সাফল্য তুলে ধরতে হবে। প্রার্থী হতে গিয়ে নিজ দলের সাংসদ-মন্ত্রীদের সমালোচনা করলে নিজেরাই ছোট হবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। যাঁরা মনোনয়ন ফরম নিয়েছেন, তাঁরা সবাই যোগ্য। তবে আমাদের ৩০০ জনকে প্রার্থী করতে হবে। আবার শরিকদেরও ছাড় দিতে হবে।’
সৈয়দ আশরাফ বলেন, সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীর কাছে সব তথ্য আছে। তিনি আবেগের বশে কাউকে মনোনয়ন দেবেন না। যার বিজয়ী হওয়ার সম্ভবনা আছে, তাঁকেই মনোনয়ন দেওয়া হবে।