যে মিথ্যা বলে, তাকে দিয়ে দেশের কাজ হবে না: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘নিজের সম্বন্ধে যে মিথ্যা বলে, নিজের ছেলে সম্বন্ধে যে মিথ্যা বলে, তাকে দিয়ে কোনোদিন দেশের ভালো কাজ হতে পারে না।’

আজ রোববার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় উত্তর নাকশি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব ও দুঃস্থদের মধ্যে ভিজিএফের চাল ও ত্রাণসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আমলে ৫০০ জাগায় বোমা ফাটছে। জংলিদের জন্ম হইছে, বাংলা ভাইয়ের জন্ম হইছে। চোরের মায়ের বড় গলা মানায় না।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার আমলে জেএমবি পয়দা হইছে। বিচারের এজলাসে জজরে গ্রেনেড মাইরা হত্যা করছে। তিনি ক্ষমতায় গেলে নাকি দেশের চেহারা পাল্টায়া দিবেন। আমরা শিক্ষার্থীদের বই দিছি। তিনি বই দেয়া বন্ধ কইরা দিবেন। আমরা জঙ্গি নির্মূল করেছি, তিনি ক্ষমতায় গিয়ে জঙ্গিবাদ লালন করবেন। এই হলো দেশ পাল্টে দেয়ার নমুনা।’ 

মন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাঁরা নাকি ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার পুনর্বিবেচনা করা হবে। অর্থাত্, তাদের ছাইড়া দিবেন। না ছাইড়া বিএনপির তো কোনো উপায় নাই। এই গোলাম আজমকে জিয়াউর রহমান দেশে আনছিল, বেগম জিয়া তারে নাগরিকত্ব দিছে।’ খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আ.লীগ সরকার গঠনের পর গ্রামীণ অর্থনীতির কাঠামো শক্তিশালী হয়েছে। আপনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন আর আ.লীগ ক্ষমতায় এসে তাদের আইনের আওতায় বিচার করছে।’

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় সপ্তাহব্যাপী ভিজিএফ বিতরণ কর্মসূচি হিসেবে পঞ্চম দিনে উপজেলার তিন ইউনিয়নে ছয় হাজার ৮৫৬ জনকে ১০ কেজি করে চাল, ১২১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে থ্রি-পিস ও শাড়ি, এক হাজার ৪৬৪ জনকে গেঞ্জি  লুঙ্গি ও শাড়ি বিতরণ  করেন।

এ সময় সেখানে জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা আ.লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।