যে মৃত্যু কাঁদাল সবাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরেন ভাই সরেন। আমারে একটু দেখতে দেন। ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য তিনি (মৃত ব্যক্তি) আমাকে কার্ড (নিমন্ত্রণ) দিয়েছিলেন। আজ (গতকাল শুক্রবার) আমার এখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শুনলাম তিনি মারা গেছেন। ছেলের বিয়ের দিনে বাবার মৃত্যু মেনে নেওয়া যায় না।’ এ কথা বলতে বলতে ভদ্রলোক জনারণ্যে মিশে গেলেন।
একদিন সবাইকে চলে যেতে হবে। কিন্তু ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের পোস্টঅফিস মহল্লার বাসিন্দা মো. শফিকুজ্জামান জুয়েলের (৫৬) এমন মৃত্যু কাঁদিয়েছে সবাইকে।
বৃহস্পতিবার মধ্যরাতের পর হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শুরুর আগেই সেখানে তিনি মারা যান। তিনি যেদিন মারা গেলেন তার পরদিনই তাঁর ছেলের বিয়ে হওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুজ্জামান জুয়েল নান্দাইল উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোক তাঁর বাসভবনে ছুটে যান।
সরেজমিনে দেখা যায়, শফিকুজ্জামানের বাড়িভর্তি বিয়ের মেহমান। গতকাল সকাল ১০টায় পুত্র মো. এহতেশাহমুজ্জামানকে বর সাজিয়ে কনের বাড়িতে রওনা করার কথা ছিল বাবা শফিকুজ্জামানের। বরের বাবার মৃত্যুর খবর পৌঁছে যায় কনের বাড়িতে। ভোরবেলা কনে ছুটে আসেন সেই বাড়িতে। বিয়ের দিনে শ্বশুরের মরদেহ দেখে কনে কান্নায় ভেঙে পড়েন। একনজর দেখতে আসা লোকজনকেও চোখের পানি মুছতে দেখা যায়।