যে মেয়েটি হাসতে জানতেন

‘আমার মা আমাকে একটা কথা বলেছিলেন—মানুষ হলো মেঘের মতো। সেই মেঘের কিছু একে অপরকে শুধু ছুঁয়ে দিয়ে যায়। কিছু ক্ষণিকের তরে উড়ে চলে পাশাপাশি। আর কিছু হাত-ধরাধরি করে চলে সারা জীবন। তবে ক্ষণিকের দেখা পাওয়া মেঘও কখনো কখনো স্থায়ী প্রভাব ফেলে যায়। তারিশি আর আমার মেঘ পাশাপাশি উড়ে চলেছে খুব কম সময়। কিন্তু সেই উড়ে বেড়াবার কালটা ছিল ঝলমলে হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরপুর। এই মেয়েটি আর আমার পাশে উড়ে বেড়াবে না, এই ভাবনা খুব কষ্টের। তারিশি উড়তে উড়তে চলে গেছে মেঘের ওপারের এক দেশে, সেখানে বসে সে দেখছে আর হাসছে মিটিমিটি—কতটা ভালোবাসায় জড়ানো তার ভুবন।’
তারিশির বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এমারাল্ড উংয়ের মতো এমন আরও অনেকের ভালোবাসায় ভাসছে এখন ফেসবুকের দেয়াল। তাঁর অপ্রত্যাশিত চলে যাওয়া সবাইকে মনে করিয়ে দিচ্ছে এমন এক তরুণীর ছবি, যিনি হাসতে জানতেন, কাজে ডুবে থাকতে জানতেন আর জানতেন মানুষকে ভালোবাসতে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির আন্ডারগ্র্যাজুয়েটের ছাত্রী ছিলেন ১৯ বছরের তারিশি জৈন। পড়ছিলেন অর্থনীতি। প্রথম বর্ষ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতামূলক বৃত্তি ‘সুবীর ও মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’ জিতে ঢাকায় এসেছিলেন বাংলাদেশ নিয়ে কাজ করতে। যুক্ত হয়েছিলেন ইস্টার্ণ ব্যাংকের সঙ্গে। ভারতীয় নাগরিক হলেও বাবা সঞ্জীব জৈনের ব্যবসার সুবাদে পড়েছেন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু হঠাৎই এক সন্ধ্যায় এলোমেলো হয়ে যায় সব।
আমেরিকার পশ্চিম তীরবর্তী শহর বার্কলির আকাশ বেশির ভাগ সময়ই ঝলমলে রোদের আলো ছড়ায়। সেই আলোরই ছটা লেগেছিল তারিশির স্বপ্নভরা চোখে। পড়াশোনার পাশাপাশি যুক্ত হয়েছিলেন ‘এথিক্যাল’ নামের সামাজিক ব্যবসার উদ্যোগে। তাঁদের কাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ সব ডিজাইনের টি-শার্ট বিক্রি করে লভ্যাংশ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধার দেওয়া, যাঁরা টাকার অভাবে ভালো একটি ব্যবসা শুরু করতে পারছেন না।
তারিশি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর সঙ্গেও। সেখানে তাঁর বয়সী ছাত্রছাত্রীদের কত ধরনের সমস্যাই না সামলেছেন তারিশি। কিন্তু শুক্রবার রাতে তিনি যখন ঘাতকদের ভয়ে হলি আর্টিজানের টয়লেটে লুকিয়ে কাঁপা কাঁপা গলায় ফোনে বলছিলেন তাঁর বাবাকে, ‘টেররিস্ট সবাই রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। আমার খুব ভয় লাগছে, বাবা। আমি জানি না এখান থেকে বেঁচে ফিরতে পারব কি না। এরা সবাইকে একে একে মেরে ফেলছে।’ তখন তাঁর এই সমস্যার দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকেছে পুরো দেশ, বিশ্ব।
মেয়েকে নিয়ে এক দিন পরই নিজ দেশের ফিরোজাবাদ শহরের সোহাগনগরে যাওয়ার কথা ছিল বাবার। সেখানে অপেক্ষায় ছিলেন মা তুলিকা ও কানাডা থেকে আসা ভাই সঞ্চিত জৈন। পারিবারিক পুনর্মিলনটা হবে ঠিকই, শুধু সেখানে প্রজাপতির ডানায় উড়ে বেড়াবে না পরিবারের ছোট মেয়েটি।