
শীত, বর্ষা কিংবা গ্রীষ্মকাল—দিনাজপুর শহরের একটি রাস্তা সারা বছরই পানিতে সয়লাব থাকে। বর্ষা মৌসুম এলেই এই রাস্তায় হাঁটুপানি জমে। ওই পানির মূল উৎস রাস্তার পাশের নালা। নালার পানি উপচে পড়ে রাস্তাটিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
দিনাজপুর পৌরসভার সুইহারি এলাকার পিটিআই মোড় থেকে পশ্চিমে গোলাপবাগ বড় মসজিদ এলাকা পর্যন্ত এই রাস্তার দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না করায় এই এলাকার কয়েক হাজার মানুষকে সারা বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে রাস্তাটিতে হাঁটুপানি জমে থাকায় দুর্ভোগ বেড়েছে।
পথচারী রিমু আক্তার বলেন, এই সড়কে কোনো গাড়ি সহজে যেতে চায় না। কেউ সাহস করে গেলেও অটোরিকশা ও রিকশা কিছুদূর গিয়ে উল্টে খাদে পড়ার ঘটনা ঘটছে হরহামেশাই।
স্থানীয় লোকজন জানান, শহরের এই এলাকায় দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী থাকেন। এখানে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীও অনেক বেশি। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার চিত্র দেখলে কষ্ট লাগে।
সুইহারি এলাকার বাসিন্দা মো. গাউসুল আযম বলেন, ‘এই রাস্তার প্রায় এক কিলোমিটার অংশ এখন একরকম স্থায়ী জলাশয়ে পরিণত হয়েছে। আমরা বাড়ি থেকে বের হতে পারি না। চরম ভোগান্তির মধ্যে আছি। এলাকায় মশার উপদ্রব ও রোগবালাই বেড়ে গেছে। শিশুরা নিষেধ করার পরও না বুঝে সবার অগোচরে এই নোংরা পানিতে নেমে খেলছে। এতে করে তারা অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা নাজমুল হক বলেন, ‘আমি মসজিদে গিয়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে অভ্যস্ত। কিন্তু এখন বছরের কোনো সময়ই এই রাস্তা পাড়ি দিয়ে মসজিদে যাওয়ার অবস্থা থাকে না। ফলে এখন বাড়িতেই নামাজ পড়ি।’ দিনাজপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মো. শরিফুল ইসলাম বলেন, এই রাস্তায় শীত, বর্ষা বা গ্রীষ্মকাল বলে কিছু নেই, সারা বছরই ড্রেনের নোংরা পানিতে ডুবে থাকে। তা মাড়িয়ে যাতায়াত করলে দীর্ঘ সময় শরীর দুর্গন্ধ থাকে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
ভোগান্তির সীমা ছাড়িয়ে যাওয়ায় মাঝেমধ্যে এলাকার লোকজন উদ্যোগ নিয়ে রাস্তাটির এক পাশে মাটি দিয়ে চলাচলের উপযোগী করেন। কিন্তু কয়েক দিন না যেতেই অবস্থা আগের মতো হয়ে যায়।
পৌরসভার স্থানীয় কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার এলাকার লোকজনও কষ্ট পাচ্ছে। মেয়র মহোদয় কয়েকবার রাস্তাটি পরিদর্শন করেছেন। দরপত্রের কাজ শুরু হয়েছে। আশা করছি, শিগগিরই কাজ হবে।’
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই এলাকার লোকজন অনেক দিন ধরে খুব ভোগান্তির মধ্যে আছে, আমি বিষয়টি জানি। কিন্তু টাকা ছাড়া তো কিছু হয় না। আমাদের তহবিল তৈরি হয়েছে। রাস্তাটি উঁচু করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ড্রেন পরিষ্কার করাসহ শিগগিরই এর কাজ শুরু হবে।’