যে রাস্তায় হাঁটছেন, তার সন্ধান পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে অনেক আহ্বান জানানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি। যে রাস্তায় তিনি হাঁটছেন, সেই রাস্তায় হেঁটে পথের সন্ধান পাবেন না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নির্বাচনী এক জনসভায় তোফায়েল এ কথা বলেন। মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুর রহমানের সমর্থনে উপজেলা আওয়ামী লীগ ঘিওর পাবলিক লাইব্রেরি মাঠে ওই জনসভার আয়োজন করে।
আওয়ামী লীগের উপদেষ্টা-মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, দেশের সর্বোচ্চ বিচারালয় হাইকোর্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না বলে বিএনপিও নির্বাচনে আসেনি। ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবেই। এ নির্বাচন ঠেকানোর কোনো ক্ষমতা খালেদা জিয়ার নেই। ঢাকামুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ ডেকেছিলেন কিন্তু জনগণের সমর্থন না থাকায় তা করতে পারেননি।
তোফায়েল আহমেদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করেছিলেন। এ সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার করেছে। পাকিস্তানের আইএসআই (গোয়েন্দা সংস্থা) এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, বিশ্বে তা প্রচারিত। বিরোধী দলের নেত্রীও সেটা জানেন। তিনি আরও বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এক পক্ষে মুক্তিযুদ্ধের শক্তি। অপর পক্ষে একাত্তরের পরাজিত শক্তি। মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ হয়ে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।
ঘিওর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূর উদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের দলীয় সাংসদ আনোয়ারুল হক, মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেক, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী প্রমুখ।