যে সড়কে 'রেকার' ব্যস্ত ভিন্ন ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকাটুলীর হাটখোলা রোডে রাজধানী সুপার মার্কেটের বিপরীতে মেয়র হানিফ উড়াল সড়কের নিচে রাখা রেকারটি ব্যবহার করা হয় সড়কের গর্তে পড়া গাড়ি তুলতে। ছবিটি গতকাল রাতে তোলা l প্রথম আলো
টিকাটুলীর হাটখোলা রোডে রাজধানী সুপার মার্কেটের বিপরীতে মেয়র হানিফ উড়াল সড়কের নিচে রাখা রেকারটি ব্যবহার করা হয় সড়কের গর্তে পড়া গাড়ি তুলতে। ছবিটি গতকাল রাতে তোলা l প্রথম আলো

রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে বনফুল আদিবাসী গ্রিনবার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ব্যক্তিগত গাড়ি দাঁড় করিয়ে চালক শিক্ষার্থীকে স্কুলে দিতে গেছেন। ছুটে এলেন কর্তব্যরত পুলিশ। চালক আসার পর রাস্তায় গাড়ি রাখার অপরাধে তাঁকে ভর্ৎসনা করা হলো। পরে রেকারে করে গাড়ি নেওয়া হলো থানায়। মঙ্গলবার বেলা ১১টার দিকে এমন দৃশ্য দেখতে পান অনেক অভিভাবক।
এর আগে গত রোববার বিকেলে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে একটি ব্যক্তিগত গাড়ি থামতেই ভুল জায়গায় রাখার অপরাধে পুলিশ ধরল। চালক বললেন, তিনি হাসপাতালের পার্কিং স্থানে নেওয়ার জন্য রাস্তায় গাড়িটি দাঁড় করিয়েছেন। চালকের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নেওয়া হলো। পরে গাড়িটি তুলে নিল রেকার।
রেকার দিয়ে অবৈধভাবে পার্ক করা গাড়ি টেনে নেওয়ার ঘটনা রাজধানীর বেশির ভাগ এলাকার রাস্তায় এখন নিয়মিত। কিন্তু রাজধানীর জয়কালী মন্দির রোড, হাটখোলাসহ আশপাশের সড়কগুলোয় ‘রেকার’ মূল কাজের বাইরে বাড়তি ভূমিকা রাখছে। গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার) নিচে এবং আশপাশের রাস্তাগুলো এতই বেহাল ও গর্তে ভরা যে, সেখানে যেকোনো সময়ে যানবাহন উল্টে পড়া বা বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। সেগুলো তাৎক্ষণিকভাবে সরানোর কাজেই মূলত রেকার ব্যবহার করা হচ্ছে। গত মঙ্গলবার প্রায় সারা দিন একটি লাল রঙের রেকার দেখা যায় হাটখোলা রোডের ফকির বানু ভবনের বিপরীত দিকের রাস্তায়। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রেকারটি দাঁড়িয়ে ছিল রাজধানী সুপার মার্কেটের কাছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক, পূর্ব) মাইনুল হাসান প্রথম আলোকে বলেন, এলাকায় নিয়মিত কাজের বাইরেও রেকারকে ব্যস্ত থাকতে হচ্ছে পড়ে যাওয়া বা বিকল হয়ে যাওয়া গাড়ি তোলা বা সরানোর কাজে। কারণ, একটি গাড়িও যদি রাস্তায় পড়ে থাকে, অন্য যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। খুব দ্রুত যানজট বেঁধে যায়। সিটি করপোরেশনের রেকার আসতে আসতে যানজট দীর্ঘস্থায়ী হয়ে যায়। তাই অনেকটা সার্বক্ষণিকভাবে এই এলাকায় রেকার রাখতে হয়।
কোনো কারণে রেকার না থাকলে কী বিপত্তি হয়, তাও এলাকাবাসী উপলব্ধি করছেন। যেমন রাতের বেলায়। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফকির বানু ভবনের বিপরীতে ফোল্ডার স্ট্রিটের রাস্তায় বিকট শব্দে বিকল হয়ে যায় একটি কাভার্ড ভ্যান। ফলে সেখানে দ্রুত যানজট বেঁধে যায়।

গুলিস্তান–যাত্রাবাড়ী উড়াল সড়কের নিচে জয়কালী মন্দির সড়কের এই গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন যানবাহন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
গুলিস্তান–যাত্রাবাড়ী উড়াল সড়কের নিচে জয়কালী মন্দির সড়কের এই গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয় বিভিন্ন যানবাহন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ফকির বানু ভবনের বাসিন্দা আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ভাঙা রাস্তা বলে গভীর রাতে গাড়ি উল্টে বা বিকল হলে এমন বিকট শব্দ হয় যে, ঘুম ভেঙে যায়। এ অবস্থায় তাঁর দুই শিশুসন্তানের ঘুম ভেঙে যায় এবং তারা কাঁদতে থাকে। তিনি বলেন, ‘প্রায়ই এমন ঘটনা ঘটে। ফলে আমার ছোট ভাইয়ের অসুস্থ স্ত্রীকে দক্ষিণ মৈশুন্ডি বাবার বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে।’
রাজধানীতে এমন রাস্তা থাকতে পারে?: গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উড়ালসড়কের নিচে ফোল্ডার স্ট্রিটে কেয়ারি ভবনের সামনের রাস্তায় দেখা যায়, মাটির নিচের ইট বেরিয়ে পড়েছে। হাটখোলা রোড এলাকায় কাদায় ভরে আছে রাস্তা। হঠাৎ মাঝারি ধরনের বৃষ্টি হলে পানির নিচে চাপা পড়ে সেই কাদা। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা। শেরেবাংলা মহাবিদ্যালয়ের ছাত্রী মর্জিনাকে বংশাল থেকে নিতে এসেছেন বাবা আবুল হাসান। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘পৃথিবীর কোনো রাজধানীতে এমন রাস্তা থাকতে পারে?’
মর্জিনা বলেন, ‘বৃষ্টি হোক না হোক, এখানে ভাঙা রাস্তায় সব সময় ময়লা পানি জমে থাকে। হাঁটতে গেলে যানবাহনের চাকার আঘাতে পানি ছিটকে পোশাক নষ্ট হয়ে যায়।’
মর্জিনা ও তাঁর বাবার কথা যে পুরোপুরি সত্য, তার প্রমাণ পাওয়া গেল জয়কালী মন্দির ও বিপরীত দিকের রামসীতা মন্দির এবং ভূমি কার্যালয়ের সামনের রাস্তায় গিয়ে। এসব স্থানে রাস্তা এত বেশি খানাখন্দে ভরা যে, যানবাহনগুলো নৌকার মতো দুলতে দুলতে চলছিল।
ওয়ারীর লারমিনি স্ট্রিটের বাসিন্দা তন্দ্রিমা চন্দ বলেন, ‘এ পথে রিকশায় চলতে গিয়ে মনে হয়, এক্ষুনি বুঝি উল্টে যাবে।’
রাজধানী সুপার মার্কেট থেকে পশ্চিম দিকে আসার রাস্তা এবং বিপরীত দিকে সালাহ্উদ্দিন স্পেশালাইজড হাসপাতালের পূর্বে ও পশ্চিমে প্রায় আধা কিলোমিটার রাস্তা ঘুরে অন্তত ৩০টি বড় গর্ত দেখা যায়। এ ছাড়া পুরো রাস্তায় এক মিটার অংশও খুঁজে পাওয়া যায়নি, যেটি অক্ষত। কিছু খানাখন্দে ভাঙা ইট ফেলা হয়েছে, সেগুলো বরং রিকশা, স্কুটার ও পথচারীদের চলাচলে বাড়তি সমস্যা সৃষ্টি করছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, বর্ষা মৌসুমে ভাঙা রাস্তা মেরামত করলে আবারও খারাপ হয়ে যাবে। তাই বর্ষা শেষের জন্যও অপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, উড়ালসড়কের ওপর থেকে বৃষ্টির পানি পড়ায় কারণেই রাস্তা বেশি খারাপ হয়েছে। এ জন্য পানিপ্রবাহের বিকল্প পাইপলাইন করা জরুরি।