যে সুবিধা নেই, তা কমাতে পারে যুক্তরাষ্ট্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে পোশাকশিল্প খাতে ভয়াবহ কয়েকটি দুর্ঘটনার জের ধরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা কমাতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করার জন্য চাপ সৃষ্টির প্রয়াস হিসেবে এ পদক্ষেপ নিতে পারে ওবামা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ‘ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য প্রবেশের ক্ষেত্রে শুল্ক বা কোটার কোনো সুবিধা ২০০৪ সাল থেকে নেই বলে ব্যবসায়ীসহ পক্ষগুলোর সংশ্লিষ্টরা জানিয়েছে। বাংলাদেশ এই সুবিধা পেতে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরকারী একটি দল এই সুবিধা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
বাস্তব অবস্থা যখন এমন, তখন মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের আমদানি শুল্ক-সুবিধাসহ অন্য সুবিধা কমানো হতে পারে বলে ‘ওয়াশিংটন পোস্ট’ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষের দিকে বাংলাদেশের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১১২ জন নিহত হওয়ার পর আমদানি শুল্ক-সুবিধা কমানোর তত্পরতা শুরু হয়। সাভারে ভবনধসে এক হাজার ১০০ জনেরও বেশি ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিষয়টি আরও ত্বরান্বিত হয়েছে।
সাভারের মর্মান্তিক দুর্ঘটনার পর ব্যবসায়ী, শ্রম সংগঠন ও পোশাককর্মীদের অধিকারের দাবিতে কর্মরত পক্ষগুলো তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা দেশ বাংলাদেশের কারখানাগুলোর কর্মপরিবেশ ও শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সোচ্চার হয়েছে। কাজের পরিবেশ পরিদর্শনের জন্য প্রকল্প চালুর বিষয়ে সম্মত হয়েছে ইউরোপের অধিকাংশ দেশ। তবে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান ওয়ালমার্ট এমনটি করতে অস্বীকার করেছে।

এমন অবস্থায় গত বৃহস্পতিবার একদল সিনেটর যুক্তরাষ্ট্রের বড় পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতি উত্পাদনকারী দেশের কারখানার কর্মপরিবেশ নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তদারকির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ওবামা প্রশাসনও বড় প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে যুক্ত করতে চাইছে বলে ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে বাংলাদেশের দীর্ঘদিনের দাবি যুক্তরাষ্ট্র পূরণ করবে না বলেও ওই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক বাণিজ্য কর্মকর্তার উদ্ধৃতি দিয়েছে ‘ওয়াশিংটন পোস্ট’। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এ ব্যাপারে আর সামনে অগ্রসর হব না।’

তবে অক্সফাম আমেরিকার প্রেসিডেন্ট ও বাংলাদেশে ফোর্ড ফাউন্ডেশনের সাবেক প্রতিনিধি রেমন্ড সি অফেনহেইসার স্বীকার করেন, অনেকগুলো ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সীমাবদ্ধতা ও নেতিবাচক দিক থাকলেও এটি বিপুলসংখ্যক নারীর ক্ষমতায়তনে ভূমিকা রেখেছে।