যে সড়কে ভোগান্তির শেষ নেই
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। কয়েকটি স্থানের অবস্থা এতটাই খারাপ যে যাত্রীদের গাড়ি থেকে নেমে যেতে হয়। এই করুণ অবস্থা ধানগড়া-মথুরাপুর সড়কের। এই সড়ক দিয়ে সহজে রায়গঞ্জ থেকে কাজিপুর উপজেলা ও পাশের বগুড়া জেলার ধুনট উপজেলায় যাওয়া যায়। দুই বছর আগে এটি সংস্কার করা হয়েছিল। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় এটি এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন কমপক্ষে দুই হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই সড়কটির দৈর্ঘ্য আট কিলোমিটার। এটি রায়গঞ্জের ধানগড়া থেকে ধুনট উপজেলার মথুরাপুর বাজার পর্যন্ত বিস্তৃত। ১৯৯৯-২০০০ অর্থবছরে এটি পাকা করা হয়। এই এলাকার মানুষ ব্যবসা-বাণিজ্যসহ নানা দিক থেকে উপকৃত হয়। একই সঙ্গে সড়ক দিয়ে ধানগড়া উচ্চবিদ্যালয়, ধানগড়া মহিলা কলেজ ও বেগম নূরুননাহার তর্কবাগীশ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বছর আগে ধানগড়া-মথুরাপুর সড়কে সংস্কারকাজ করা হয়। কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় সড়কের বেশ কয়েকটি স্থান ভেঙে গেছে। বিশেষ করে মহেশপুর, মোদকপাড়া, পলাশতলা, মল্লিক চাঁন ও কুড়িগাঁতী এলাকায় অবস্থা খুব খারাপ। এসব স্থানে ইট-সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলে এসব গর্ত কাদা পানিতে একাকার হয়ে যায়। দুই পাশের মাটি সরে গিয়ে সড়ক ভেঙে গেছে। এসব স্থানে এসে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ভাঙা অংশ পার হওয়ার পর যাত্রীদের আবার গাড়িতে তোলা হয়। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, এ সড়ক দিয়ে শ্যালোইঞ্জিনচালিত নছিমন, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করে। মল্লিক চাঁন গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, আগে খুব সহজে মথুরাপুর থেকে মালপত্র নিয়ে ধানগড়া বাজারে যাওয়া যেত, আবার ধানগড়া থেকে মথুরাপুর ফিরে যাওয়া যেত। কিন্তু সড়কের এই অবস্থার কারণে সময় লাগে বেশি। এলজিইডির রায়গঞ্জ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘সড়ক রক্ষণাবেক্ষণের জন্য আপাতত কোনো বরাদ্দ না থাকায় কাজ করা যাচ্ছে না। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।’