যে সড়কে হাঁটতেও কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদরগঞ্জের কালা আমেরতল থেকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঝুঁকিপূর্ণ এই কঁাচা রাস্তাটি ধরে চলাচল করতে হয় যানবাহনসহ সাূধারণ মানুষকে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বদরগঞ্জের কালা আমেরতল থেকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঝুঁকিপূর্ণ এই কঁাচা রাস্তাটি ধরে চলাচল করতে হয় যানবাহনসহ সাূধারণ মানুষকে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের কালা আমেরতল থেকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত চার কিলোমিটার সড়ক পাকা করা হয়নি। এতে সেখানে যানবাহন চলাচল তো দূর, হাঁটতেও দুর্ভোগ পোহাতে হয় যাতায়াতকারীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাটারাম, বৈরামপুর, শেখপাড়া, খিয়ারপাড়া, জেলেপাড়া, কবিরাজপাড়া ও বড়াইবাড়ী গ্রামসহ আশপাশের ২০টি গ্রামের ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা ওই রাস্তাটি।
সরেজমিনে দেখা যায়, সড়কটি পুরোই কাঁচা। বিভিন্ন স্থানে গর্ত হয়ে গেছে। সড়কের পাশের অংশও ভাঙা। এর মধ্যে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
নাটারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোছাদ্দেক হোসেন বলেন, এ রাস্তা দিয়ে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, বদরগঞ্জ ডিগ্রি কলেজ, বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ, নাটারাম উচ্চবিদ্যালয়, কালা আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপুর শিউরীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরে কান্তেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর খিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুকুরের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে।
বৈরামপুর গ্রামের শিবু চন্দ্র দাস বলেন, ‘বৃষ্টিতে রাস্তাত কাদাপানি জমা হয়ে থাকে। রাস্তা দিয়ে ভ্যান-সাইকেলে চড়ে যাওয়া তো দূরের কথা, হেঁটেও যাওয়া যায় না।’
একই এলাকার ভ্যানচালক মজিবুল হক বলেন, এই রাস্তা দিয়ে চলাচলে শুকনার সময় কষ্ট। বর্ষায় সময় আরও কষ্ট হয়। নাটারাম গ্রামের কলেজছাত্রী খাদিজা খাতুন বলেন, কাঁচা রাস্তা দিয়ে কলেজ যাতায়াতে তাঁকে প্রায় দিনই দুর্ভোগ পোহাতে হয়। ভাঙাচোরা, গর্ত ও কাদার কারণে রাস্তা দিয়ে রিকশাভ্যানও চলে না। বাধ্য হয়ে অনেক সময় স্যান্ডেল হাতে নিয়ে তাঁদের কলেজে যেতে হয়।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, ওই রাস্তাটি পাকা করার জন্য অনেক জায়গায় তিনি বলেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
বদরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবু তালেব সরকার বলেন, রাস্তাটি পাকা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।