পেট্রলবোমা নিক্ষেপকারীদের ধরে হাত বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. এস এম মনির উজ্জামান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরে শহরের পৌর কমিউনিটি হলের বাইরে খোলা চত্বরে সন্ত্রাসবিরোধী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।
পেট্রলবোমায় যারা মানুষ পুড়িয়ে মারে, তাদের হায়েনার সঙ্গে তুলনা করে ডিআইজি বলেন, ‘আপনাদের প্রতি নির্দেশ রইল, ওই হায়েনা, অপশক্তি, সন্ত্রাসীরা যে হাত দিয়ে পেট্রলবোমা ছুড়বে; আপনারা তাদের ধরে শরীর থেকে সেই হাত বিচ্ছিন্ন করে দেবেন। আমি দায়িত্ব নিচ্ছি। এতে জেল-ফাঁস হলে আমার হবে।’
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধ ও বিরতি দিয়ে ডাকা হরতালে পেট্রলবোমা হামলায় মানুষকে পুড়িয়ে মারার প্রসঙ্গে ডিআইজি বলেন, ‘বাতাসে মানুষ পোড়ার গন্ধ। যারা এ কাজ করছে তারা হায়েনা, কুলাঙ্গার। তারা হরতাল-অবরোধের নামে জীবন্ত মানুষকে আগুনে ঝলসে মেরে আজ রাজনীতি করছে। আমরা রাজনীতির ভাষা বুঝি না। শুধু দেশাত্মবোধ ও কর্তব্যবোধের টানে আপনাদের কাছে এসেছি। আজ জনগণ এবং রাষ্ট্রীয় শক্তি এক হয়েছে। কোনো অপশক্তিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেব না।’
জোটের শরিক দল জামায়াতকে ইঙ্গিত করে ডিআইজি বলেন, ‘এই শক্তিই দেশকে অকার্যকর করতে চায়। সেই লক্ষ্যে ওরা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত। মনে রাখবেন, শত্রু এবং আগুনের শেষ রাখতে নেই। তাই এই অপশক্তির বালবাচ্চা, ছাচামচা সবকে ধরে সমূলে শেষ করতে হবে। কেননা, ওদের কাছে মানবতা নেই। টানা ৩৭ দিনের অবরোধ-হরতালে কতজন স্বজনহারা হয়েছে। শ্রমজীবী মানুষের মুখের অন্ন বন্ধ প্রায়। তার পরও ওদের মন গলছে না।’
ডিআইজি সকালে সভাস্থলে পৌঁছলে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ এবং সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) বিভাগীয় কমান্ডার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া মিরপুর সেক্টর কমান্ডারসহ পুলিশের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার হামিদুল আলম, মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসকার আলী প্রমুখ।