দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, যে হারে দুর্নীতি বাড়ছে, সে হারে কমছে না। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সব ধরনের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ গঠন করে শিক্ষার্থীদের এ কাজে নামাতে হবে।গতকাল রোববার সকালে কুমিল্লার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান আরও বলেন, জনপ্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। তবু জনগণকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হবে।সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান প্রমুখ।পরে একই স্থানে কুমিল্লা জেলা ও ১৬ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গে দুদকের চেয়ারম্যান অনুরূপ মতবিনিময় সভা করেন। ‘দুর্নীতি প্রতিরোধে ব্রতী হোন’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি মমিনুল হক চৌধুরী, নারীনেত্রী পাপড়ি বসু প্রমুখ।