সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্ভাগ্য আমাদের, এসব ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হয়েছে। কিন্তু এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের সক্ষমতা রয়েছে।’
গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪১তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত পিজিআর সদর দপ্তরে অনুষ্ঠানটি হয়।
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি বুঝতে পেরেছে যে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছে এবং বর্তমান সরকার স্বপ্নকে সত্যে পরিণত করে জনগণের মাঝে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি। বাংলাদেশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের জায়গা নয়। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না।’
প্রধানমন্ত্রী পিজিআর কর্মকর্তা ও জুনিয়র কমিশনড কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পিজিআর কন্টিনজেন্টের একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে সালাম জানায়। শেখ হাসিনা শহীদ পিজিআর সদস্যদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের মাঝে কিছু উপহারসামগ্রী বিতরণ করেন।
নিরাপত্তা বাহিনীকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো নিরাপত্তা হুমকি ও সন্ত্রাসী হামলা মোকাবিলায় তাদের আধুনিক প্রশিক্ষণ ও কৌশল সম্পর্কে জানতে হবে। সন্ত্রাসীরা অপরাধের ধরন পাল্টাচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কাজেই প্রত্যেককে বিশেষ করে নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
শেখ হাসিনা বলেন, ‘সরকারপ্রধান হিসেবে আমি খুব কাছ থেকে আপনাদের দায়িত্ব, কঠোর পরিশ্রম এবং আন্তরিকতা দেখেছি। এ জন্য আমি খুব সন্তুষ্ট।’
এর আগে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক এবং পিজিআর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পিজিআর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুণও অনুষ্ঠানে বক্তব্য দেন।