যেকোনো পরিস্থিতিতে ট্রেন চলবে, ৮ হাজার আনসার নিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও ট্রেন চালু রাখা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি জানিয়েছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রেলের নিরাপত্তা নিশ্চিত করতে আট হাজার আনসার সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে।
রাজধানীতে রেল ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার উসকানিতে যতই ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ড হোক, অবরোধে রেল চলবে। এখন প্রতিদিন ৩৩৪টি ট্রেন চলছে।
ট্রেনের সময়সূচি বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতিতে ট্রেন চলাচলই মুখ্য। এখন সময়সূচি নিয়ে এত ভাবলে চলবে না। তিনি জানান, নতুন আট হাজার আনসার সদস্য সারা দেশের রেলপথ পাহারা দেবেন। তাঁরা রেলের নিয়মিত বাহিনী রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবেন।
রেলমন্ত্রী বলেন, জনগণকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো তাঁদের দায়িত্ব। এর জন্য করণীয় সবই করা হবে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহায়তা নেওয়া হবে।
আন্তমন্ত্রণালয় বৈঠকে রেলের নিরাপত্তাব্যবস্থা তদারকির জন্য ১২ সদস্যের কমিটি করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে পুলিশ, আনসার, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাখা হয়েছে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দীন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন প্রমুখ।