যেকোনো বিমানে হজে যেতে বাধা নেই
হজযাত্রীদের শুধু বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস ব্যবহারের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।
গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন। ফলে সরকারের ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল। এতে পছন্দের এয়ারলাইনসে হজযাত্রায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সালাম মণ্ডল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মাহবুব শফিক। পরে মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ হয়েছে। এতে করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশও নেই। ফলে এখন ওই দুই এয়ারলাইনসের বাইরে অন্য যেকোনো এয়ারলাইনসে হজে গমনেচ্ছুক ব্যক্তির যেতে আইনগত কোনো বাধা নেই।
২০১৩ সালের ২৪ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হজযাত্রী পরিবহন-সংক্রান্ত এক সভায় যাত্রীদের ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে এবং অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস পরিবহন করবে বলে সিদ্ধান্ত হয়।