পরমাণু শক্তি ব্যবহারের নিরাপত্তা নিয়ে সেমিনারে রুশ বিশেষজ্ঞ
যেকোনো হামলা ও ঝুঁকি মোকাবিলায় সমর্থ হতে হবে
পরমাণু শক্তির জগতে নিরাপদে টিকে থাকতে হলে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে নয়-এগারোর মতো বিমান হামলা থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর সাইবার হামলা পর্যন্ত যেকোনো ধরনের হামলা মোকাবিলার সামর্থ্য অর্জন করতে হবে। এ ছাড়া পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া রোধ, অর্থনৈতিক ঝুঁকি এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায়ও সমর্থ হতে হবে।
তবে এই সামর্থ্য কোনো দেশের পক্ষে এককভাবে কিংবা অন্য একটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমেও অর্জন করা সম্ভব নয়। এর জন্য দরকার আন্তর্জাতিক সহযোগিতা বা জোট (অ্যালায়েন্স) গড়ে তোলা। অবশ্য এমন সহযোগিতা বা জোট গড়ে তোলাও একটি কঠিন কাজ।
রুশ বিশেষজ্ঞ পিওতর তপিচকানভ ঢাকায় আয়োজিত এক সেমিনারে এ কথা বলেছেন। তিনি মস্কোর কার্নেগি সেন্টারের (গবেষণা প্রতিষ্ঠান) অসামরিক পরমাণু কর্মসূচির (নন-প্রোলিফারেশন প্রোগ্রাম) একজন গবেষক (ফেলো)।
বেসরকারি সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) গুলশানের একটি হোটেলে গত বুধবার বিকেলে এই সেমিনারের আয়োজন করে। ‘পারমাণবিক শক্তির জগতে প্রবেশ: বাংলাদেশের জন্য প্রধান নিরাপত্তা ইস্যু’ শীর্ষক এই সেমিনারে নির্ধারিত বক্তা ছিলেন পিওতর তপিচকানভ।
বিআইপিএসএসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে পিওতর বলেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার এই যুগে পারমাণবিক জ্বালানি ও স্পেন্ট ফুয়েল পরিবহনও জঙ্গি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য পরমাণু শক্তির উন্নয়ন প্রকল্পেও হামলার আশঙ্কা করা হয়।
পিওতর বলেন, এসব হামলার আশঙ্কা মোকাবিলায় বিশ্বব্যাপী পারমাণবিক সামগ্রীর নিবিড় পরিবীক্ষণব্যবস্থা দরকার। এ কাজটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) করতে পারে। কিন্তু এ জন্য আইএইএর সক্ষমতা বাড়ানো দরকার। এই সংস্থার বর্তমান জনবল ও আর্থিক সামর্থ্য এসব কাজের জন্য যথেষ্ট নয়। এ ছাড়া পারমাণবিক জ্বালানি সরবরাহের জন্য একটি আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে, যেখান থেকে পৃথিবীর সব ব্যবহারকারী দেশ জ্বালানি নেবে। একটি আন্তর্জাতিক পারমাণবিক জ্বালানি চক্র কেন্দ্রও (ফুয়েল সাইকেল সেন্টার) স্থাপন করা যায়। এতে পারমাণবিক জ্বালানি বেহাত হওয়ার আশঙ্কা কমবে।
রুশ বিশেষজ্ঞ পিওতর বলেন, বাংলাদেশ যেহেতু অনেক আগে থেকেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু করেছে, এমনকি একাত্তর সালে দেশের স্বাধীনতারও আগে থেকে, সেহেতু সেমিনারের শিরোনামটি বাংলাদেশের জন্য সম্পূর্ণ প্রযোজ্য নয়। তবে পারমাণবিক তেজস্ক্রিয়তা নিঃসরণ, বর্জ্য সংরক্ষণাগারে ছিদ্র হওয়া এবং তা থেকে দূষণ ছড়িয়ে পড়া, বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ও কেন্দ্রের প্রাঙ্গণে বসবাসরত এবং আশপাশের এলাকার জনপ্রাণীকে দূষণ থেকে নিরাপদ রাখা—এগুলো পরমাণু শক্তির জগতে বিচরণকারী সব দেশের জন্যই ইস্যু। এসব সমস্যার জন্য দায় কার, সেই প্রশ্নও যেকোনো দেশ তুলতে পারে। তবে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হয় এবং সে জন্য ‘র্যা পিড রেসপন্স গ্রুপ’ গঠন করতে হয়। তিনি এখন পর্যন্ত ঘটা আটটি পারমাণবিক দুর্ঘটনার উল্লেখ করেন। এর প্রথমটি ঘটে ১৯৫৭ সালে যুক্তরাজ্যের উইন্ড স্কেলে। আর শেষেরটি ২০১১ সালে জাপানের ফুকুশিমায় (তবে আটটির মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয়কর হচ্ছে ১৯৮৬ সালে ঘটা রাশিয়ার চেরনোবিল কেন্দ্রের দুর্ঘটনা)।
এই রুশ গবেষক বলেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থনৈতিক ঝুঁকিও অনেক। কারণ হাইড্রোকার্বনের (তেল-গ্যাস) সঙ্গে প্রতিযোগিতায় পরমাণু শক্তি অনেক পিছিয়ে। এর যন্ত্রপাতি অতি উচ্চমূল্যের। সময়মতো প্রকল্প শেষ করা যায় না বললেই চলে। তাই বিনিয়োগও উচ্চমাত্রার ঝুঁকির মধ্যে পড়ে।
মূল বক্তব্য উপস্থাপনের পর সেমিনারের মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে পিওতর বলেন, রাশিয়া যেসব দেশের কাছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি বিক্রি করে, তার প্রতিটি দেশ থেকে শুধু স্পেন্ট ফুয়েল নয়, অতি উচ্চমাত্রার বিপজ্জনক পারমাণবিক বর্জ্যও ফেরত নেয়। তবে বাংলাদেশের সঙ্গে সই হওয়া চুক্তিতে এ বিষয়ে কী আছে তা তাঁর জানা নেই।
সেমিনার শেষে কয়েকজন আগ্রহী ব্যক্তির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায়ও পিওতর বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সামর্থ্য যখন রয়েছে, তখন তা অন্য দেশের কাছে ফিরিয়ে দিয়ে আলাদা মাথাব্যথার দায় রাশিয়া কেন নেবে? তার চেয়ে নিজস্ব ব্যবস্থাপনার আওতায় রাখাই নিরাপদ। তাই সংশ্লিষ্ট সব দেশ থেকেই রাশিয়া পারমাণবিক বর্জ্য ফেরত নেয়।
তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বর্জ্য ফেরত নেওয়া না-নেওয়ার বিষয়টিই বর্তমানে প্রধান আলোচনার বিষয়। রাশিয়া ও বাংলাদেশের মধ্যে ২০১১ সালে সই হওয়া সমঝোতা স্মারকে (এমওইউ) রূপপুরের স্পেন্ট ফুয়েল রাশিয়া ফেরত নেবে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু স্পেন্ট ফুয়েল আর অতিমাত্রায় তেজস্ক্রিয় পারমাণবিক বর্জ্য এক নয়। স্পেন্ট ফুয়েল পরিশোধন করে তা থেকে পুনর্ব্যবহারযোগ্য কিছু ইউরেনিয়াম ও ব্যবহারযোগ্য কিছু প্লুটোনিয়াম পাওয়া যায়। আর কিছু অতিমাত্রায় তেজস্ক্রিয় পারমাণবিক বর্জ্য পাওয়া যায়, যার তেজস্ক্রিয়তা হাজার বছরেও সহনীয় মাত্রায় আসে না।
চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলে উক্ত ইউরেনিয়াম ও বর্জ্য সংশ্লিষ্ট দেশকে (রূপপুরের ক্ষেত্রে বাংলাদেশকে) ফেরত দেওয়ার কথা। প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয় বলে তা জ্বালানি সরবরাহকারী দেশই (এ ক্ষেত্রে রাশিয়া) রেখে দেয়। ২০১৫ সালের ডিসেম্বরে রূপপুর প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে সাধারণ চুক্তি (জেনারেল কন্ট্রাক্ট, এই চুক্তি অনুযায়ীই প্রকল্পের সব কাজ সম্পন্ন করা হয়) সই হয়েছে, সেখানেও বর্জ্য ফেরত নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা-সমঝোতার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়।
রাশিয়ার সঙ্গে সাধারণ চুক্তি সই হওয়ার পর গণমাধ্যমে বর্জ্য ফেরত নেওয়া না-নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার পরও সরকার, রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ কিংবা রাশিয়া, কোনো পক্ষ থেকেই বর্জ্য ফেরত নেওয়ার কথা বলা হয়নি। বরং বলা হচ্ছে, এ বিষয়টির নিরসন হবে অন্য একটি চুক্তির মাধ্যমে। সেই চুক্তির খসড়া নিয়ে আলাপ-আলোচনা চলছে।
প্রশ্নোত্তর পর্বে জার্মান দূতাবাসের উপরাষ্ট্রদূত মাইকেল শুলেইজ রূপপুর প্রকল্পের জন্য নির্ধারিত স্থান যথাযথ কি না, পানির প্রাপ্যতা যথেষ্ট কি না এবং বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করেন। এর মধ্যে বর্জ্য সংরক্ষণ-সংক্রান্ত প্রশ্নের জবাব পিওতর এড়িয়ে যান। স্থান সম্পর্কে তিনি বলেন, এটি অনেক আগে থেকে নির্ধারিত এমন একটি স্থান, যে রকম স্থানে রাশিয়াও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করেছে। তা ছাড়া আইএইএ-ও এ জায়গার বিষয়ে ইতিবাচক মত দিয়েছে। পানির প্রাপ্যতা প্রসঙ্গে তিনি বলেন, এ রকম ক্ষেত্রে রাশিয়া কৃত্রিম হ্রদ তৈরি করে নিয়েছে।
এই পর্যায়ে সভার সভাপতি কৃত্রিম হ্রদ কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে কতটা কর্যকর হবে, সে বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে এ এন এম মুনিরুজ্জামান বলেন, রূপপুর প্রকল্পের বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়া দরকার। এই প্রকল্পের জন্য পরিবেশগত সমীক্ষা (ইআইএ) যথাযথভাবে করা হয়েছে কি না, বাংলাদেশের জনবহুলতা ও জনসংখ্যার ঘনত্ব, জঙ্গিবাদ ও সাইবার আক্রমণের আশঙ্কা, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলা, পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্কের নানা টানাপোড়েন প্রভৃতি বিষয়ের আলোকে প্রকল্পটি নিয়ে আলোচনা হওয়া উচিত।
এ ছাড়া সাবেক সচিব এ এইচ এম রেজাউল কবির, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক এলাহী, সাংবাদিক সোহরাব হাসান, রিটা রহমান ও আয়শা কবির, বাপার কামরুল আহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ, বিআইপিএসএসের সাফকাত মুনির প্রমুখ প্রশ্ন করেন।