
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যেকোনো প্রত্যাবাসন প্রক্রিয়াই জটিল ও দীর্ঘমেয়াদি। নিরাপত্তাহীনতার কারণেই রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছে। এ কারণে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।
আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিরসনে দ্বিপক্ষীয় কূটনীতি পরিচালনার পাশাপাশি মিয়ানমারের ওপর চাপি সৃষ্টির জন্য সব ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। রাখাইন রাজ্যে যথাযথ সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। আশা করা যায় মিয়ানমার শিগগিরই রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ তৈরি করবে এবং দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে।
সরকারি দলের আরেক সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, নিরাপত্তা কাউন্সিলসহ সংশ্লিষ্ট সব প্ল্যাটফর্মে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে জোরালো পদক্ষেপ নিতে বিশেষ কোনো রেজল্যুশন নিতে সক্ষম হয়নি।
ইসরাফিল আলমের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, মানব পাচারের শিকার বিভিন্ন দেশের জলসীমায় উদ্ধারকৃত ২ হাজার ৫৫ জনসহ লিবিয়া, থাইল্যান্ড, ইয়েমেন, জার্মানি ও মিয়ানমার থেকে প্রায় ৪০ হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে অবৈধ অভিবাসীদের ফেরত আনতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে ৩৪৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক কারণে মাদক সমস্যায় পড়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে দেশে অবৈধ মাদক প্রবেশ করে। বর্তমান সময়ের আলোচিত মাদক ইয়াবা আসছে মিয়ানমার থেকে। ভারত থেকে আমাদের দেশে পাচার হয় গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইনজেক্টিং মাদক।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৮ সালে আইনপ্রয়োগকারী সংস্থা ১ লাখ ৬১ হাজার ৩২৩ জন মাদক কারবারির বিরুদ্ধে ১ লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা দায়ের করেছে। আর চলতি বছরের প্রথম ৫ মাসে ৬ হাজার ৬৭১ জন মাদক কারবারির বিরুদ্ধে ৬ হাজার ১৫৬টি মামলা দায়ের হয়েছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বহুতল ভবনের আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের জন্য জাপানের কারিগরি সহায়তায় বিশেষ হেলিকপ্টার সংগ্রহের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রাশিয়ান হেলিকপ্টারস্ কোম্পানি থেকে ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার বিষয়ে স্পেসিফিকেশন যাচাই-বাছাই প্রক্রিয়াধীন।
জামালপুর-৫ আসনের সাংসদ মোজাফ্ফর হোসেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের মঞ্জুরিকৃত মোট জনবল ২ লাখ ১২ হাজার ৭ জন। এর মধ্যে পুলিশ ২ লাখ ১ হাজার ৩৯৩ জন ও নন-পুলিশ ১০ হাজার ৬১৪ জন। প্রয়োজনের তুলনায় পুলিশের জনবল কম বিধায় বর্তমান সরকার প্রথম মেয়াদে ৩২ হাজার ৩১টি পদ সৃষ্টি করেছে। দ্বিতীয় মেয়াদে অনুমোদিত ৫০ হাজার পদের মধ্যে ৪৮ হাজার ৩০০টি সৃষ্টি সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট পদ সৃষ্টির প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয়ে বিবেচনাধীন।