যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বুধবার ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় সৈয়দ আশরাফ এই আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতি কোনো কুস্তি বা দৌড় প্রতিযোগিতা নয়। আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়েই প্রমাণ করবে, কোন দল ক্ষমতায় থাকবে, কে প্রধানমন্ত্রী হবেন।সরকারকে লুলা-ল্যাংড়া করে ছেড়ে দেওয়া হবে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা অশ্লীল অযাচিত বক্তব্য দিই না। তবে শালীনতা ও ভদ্রতা দুর্বলতা নয়। আত্মশক্তি শাশ্বত শক্তি। পেশিশক্তি শাশ্বত শক্তি হতে পারে না।’ ১৫ ফেব্রুয়ারি ‘কালো দিবস’ উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এই জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ইতিহাসে অন্যতম কালো দিন। সরকারের বিভিন্ন বাহিনীর হাতে প্রায় ৪০ জন মানুষ প্রাণ হারায়। ওই দিনের নির্বাচনে সরকারি হিসাব অনুযায়ী শতকরা ১১ ভাগ ভোটার ভোট দিয়েছে। বেসরকারি হিসাবে তিন শতাংশের বেশি মানুষ ভোটকেন্দ্রে যায়নি। সৈয়দ আশরাফ বলেন, ‘আমি কিছু বললেই জনমত যাচাইয়ের জন্য দেওয়া হয়। বলা হয়, আশরাফের এ বক্তব্যের সঙ্গে আপনি একমত পোষণ করেন কি? পরদিন ফলাফল দেওয়া হয়, পক্ষে শতকরা ১৮ ভাগ, বিপক্ষে ৯৪ ভাগ।’ তিনি বলেন, ‘কারা কীভাবে এই জরিপে অংশ নেয়, সে সম্পর্কে কিছু বলা হয় না। কিন্তু ১৫ ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন নিয়ে পত্রপত্রিকায় কোনো জরিপ হয় না। এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়, তা মনে করি না। কিন্তু সব মানুষই অন্ধ না। সব মানুষই স্মৃতিশক্তির অভাবে ভোগে না।’জনসভায় সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘ঢাকা আসবেন, ঢাকা দখল করবেন, আর আওয়ামী লীগ বসে তামাক খাবে, এটা ভাববেন না।’ তিনি বলেন, ১৮ ডিসেম্বরের মতো ১২ মার্চ বোমা নিয়ে এলে জনগণের সুরক্ষায় সরকার যা যা করা দরকার, তার সবই করবে।মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া সরকারকে লুলা-ল্যাংড়া করে দিতে চান। যাঁর নিজের পায়ের এ অবস্থা, তিনি অন্যকে লুলা বানাবেন! লুলা-ল্যাংড়া বরং তাঁর পার্টিতেই আছে।’ জনসভায় আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, মহীউদ্দীন খান আলমগীর, সতীশ চন্দ্র রায়, খালিদ মাহমুদ চৌধুরী, এম এ আজিজ, আমিনুল ইসলাম, এনামুল হক শামীম প্রমুখ।