ষোড়শ সংশোধনী নিয়ে আপিল শুনানিতে প্রধান বিচারপতি
যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বিচার বিভাগ শতগুণ ভালো
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আগে কী ছিল, জানি না। তবে আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা, তা ৯০ ভাগের ওপরে। দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বিচার বিভাগ শতগুণ ভালো।’
বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানিকালে গতকাল বুধবার প্রধান বিচারপতি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এক বক্তব্যের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল শুনানির একপর্যায়ে বলেন, এ আদালতে কী হচ্ছে? একটা গণশুনানি দরকার বিচারপ্রার্থীদের নিয়ে। তাদের জিজ্ঞেস করুন এখানে কী হচ্ছে? এরপর প্রধান বিচারপতি ওই কথা বলেন।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে ওই আপিলের ওপর শুনানি চলছে। গতকাল ষষ্ঠ দিনের মতো শুনানি হয়। আজ বৃহস্পতিবার শুনানির জন্য দিন রয়েছে।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমরা ঘরে ফিরতে (বাহাত্তারের ৯৬ অনুচ্ছেদ) চাই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি মার্শাল লর সৃষ্টি, যা সাংবিধানিক ইতিহাসে লজ্জা। বাহাত্তরের আদি সংবিধানে ফিরে যেতে ষোড়শ সংশোধনী আনা হয়েছে।
অন্যদিকে রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেছেন, বাহাত্তরের সংবিধানে বিচারকদের অপসারণের বিষয়টি সংসদের হাতে ছিল। জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭৪ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে নিজে এই ক্ষমতা সংসদের হাত থেকে ফিরিয়ে নেন।
প্রধান বিচারপতি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ইংল্যান্ডের অনেক উদাহরণ দিয়েছেন। পৃথিবীর একমাত্র সভ্য দেশ ইংল্যান্ড। যে দেশে অলিখিত সংবিধানের ভিত্তিতে নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে। চুল পরিমাণ এদিক-সেদিক হয় না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ইংল্যান্ডকে সভ্য দেশ বলতে পারেন না। তাদের ইতিহাস লুণ্ঠনের। প্রধান বিচারপতি বলেন, নাগরিকদের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনের রক্ষার দৃষ্টিকোণ থেকে সভ্য দেশ।
উভয় পক্ষের বক্তব্য উপস্থাপনের পর অ্যামিকাস কিউরি এম আমীর-উল ইসলাম তাঁর লিখিত বক্তব্য উপস্থাপন শুরু করেন।