যেকোনো প্রধান বিচারপতির জন্য এ এক বিশাল দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিপুলসংখ্যক অমীমাংসিত মামলা নিষ্পত্তি করা যেকোনো প্রধান বিচারপতির জন্য এক বিশাল দায়িত্ব। গতকাল রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় (ইউএনডিপি) তৈরি বিচার বিভাগসংক্রান্ত ওয়েবসাইট উদ্বোধন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, দেশে বর্তমানে প্রায় ১৬ লাখ মামলা বিচারাধীন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, অমীমাংসিত মামলাগুলোর নিষ্পত্তি এক দুরূহ কাজ। নবনিযুক্ত প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের উদ্দেশে খায়রুল হক বলেন, ‘আশা করি, তিনি এই অসম্ভব কাজকে সম্ভব করে তুলবেন।’ সুপ্রিম কোর্টের সঙ্গে দেশের সব কটি জেলার তথ্য-যোগাযোগ স্থাপন করা ইউএনডিপির সহায়তাপুষ্ট এ প্রকল্পটির মূল উদ্দেশ্য।প্রধান বিচারপতি বলেন, দেশের বিভিন্ন আদালতের মধ্যে ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে না তুললে বিচারকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা সম্ভব নয়।খায়রুল হক এ সময় উল্লেখ করেন, সার্ভার, কম্পিউটার প্রভৃতি কিনে বিচার বিভাগের ডিজিটালাইজেশনের কাজে ইউএনডিপি ছয় লাখ মার্কিন ডলার দিয়ে সহযোগিতা করছে। প্রধান বিচারপতি আরও জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য সরকারের কাছে তিনি পাঁচ কোটি টাকা বরাদ্দের আবেদন করেছিলেন। মাত্র তিন সপ্তাহের মধ্যে এই অর্থ বরাদ্দ করায় তিনি অর্থমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ দেন।উচ্চ আদালতের বিচারপতিদের উদ্দেশে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, ‘রুল জারি করার আগে ফাইলপত্র ঘেঁটে দেখুন, আইনগত বৈধতা যাচাই করুন। একটি রুল মানে নতুন একটি মামলা। আমাদের মূল লক্ষ্য মানুষের দুর্ভোগ সম্পূর্ণভাবে দূর করা।’এ বি এম খায়রুল হক বলেন, ‘গত এক মাসে নতুন ৩০ হাজার মামলা হয়েছে। শুধু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ভালো ভালো কথা বললে মামলাজট কমানো সম্ভব নয়। এ জন্য আপনাদের কাজ করে যেতে হবে।’বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান প্রিসনার বলেন, গত ২০০ কার্যদিবসে ৯০ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। দিনে ৪৫০ থেকে ৫০০ মামলার নিষ্পত্তি করা বিশ্ব রেকর্ডের কাছাকাছি।পরে প্রধান বিচারপতি www.bdcourts.gov.bd ওয়েবসাইটটির উদ্বোধন করেন। এর মাধ্যমে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের সঙ্গে ঢাকার বিভিন্ন আদালতের সংযোগ স্থাপিত হবে। এ পর্বে বিচার বিভাগ শক্তিশালীকরণ (জাস্ট) কর্মসূচিবিষয়ক সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবনিযুক্ত প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচার বিভাগীয় সংস্কারবিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান বিচারপতি মো. ইমান আলী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।