যেকোনো মানি চেঞ্জার থেকে টাকা পরিবর্তন করতে পারবেন বিদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি পর্যটকেরা ফেরত যাওয়ার সময় যে কোনো মানি চেঞ্জার থেকে অব্যবহৃত টাকা ডলারে পরিবর্তন করতে পারবেন। তবে এই সীমা ৫০০ ডলার পর্যন্ত।

এর আগে নিয়ম ছিল, বিদেশি পর্যটক যে মানি চেঞ্জার মুদ্রা বদল করে টাকা নিয়েছিলেন, ফেরার পথে শুধু সেই মানি চেঞ্জারেই টাকা ফেরত দিয়ে ডলার করতে পারবেন। এর ফলে অনেক বিদেশি অব্যবহৃত টাকা নিজ দেশে ফেরত নিয়ে যেতেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠান ও অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন-২০০৯ আইনে নিবন্ধিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো বিদেশি পর্যটকদের অব্যবহৃত টাকার বিপরীতে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত নগদ পরিশোধ করতে পারে। আগের নিয়ম অনুযায়ী যে মানি চেঞ্জার প্রতিষ্ঠান থেকে ডলার ভাঙিয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকেই ভাঙানোর সুযোগ ছিল। কিন্তু এখন থেকে নিবন্ধিত মানি চেঞ্জার থেকে ডলার ভাঙানোর প্রমাণপত্র দেখিয়ে যেকোনো মানি চেঞ্জারে গিয়ে ডলার গ্রহণ করা যাবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মানি চেঞ্জারকে বিদেশি পর্যটকের ডলার ভাঙানো আসল প্রমাণপত্র সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।