যেকোনো মুহূর্তে বলব, আমি তোমাদের সঙ্গে নেই: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘রাজনীতি হচ্ছে একটি রণকৌশল। এখানে ভুল কৌশল নিলে পার্টি ধ্বংস হয়ে যাবে। এক বছর আগে যদি মহাজোট ছাড়তাম তাহলে এখন যে অবস্থায় আছি, এর চেয়ে ভালো থাকতে পারতাম? এখন আমরা শক্তিশালী। তাই যেকোনো মুহূর্তে বলব; আমি তোমাদের সঙ্গে নেই।’ গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের পুনর্মিলনী অনুষ্ঠানে এরশাদ এ কথাগুলো বলেন। জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের সাবেক নেতারা এ পুনর্মিলনীর আয়োজন করেন। এরশাদ বলেন, দুই দলকে কেউ আর ক্ষমতায় দেখতে চায় না। তাই কারও সঙ্গে আর জোট নয়। এ সময় দলের নেতা-কর্মীরা কোনো জোটে না যাওয়ার পক্ষে স্লোগান দিলে তিনি বলেন, ‘এত দিন খেলনা ছিলাম। কেউ খোঁজখবর রাখেনি। এখন সবাই খবর নিচ্ছে। তোমরা যদি চাও, আমরা একলাই নির্বাচন করে ক্ষমতায় আসব।’ গণজাগরণ মঞ্চের উল্লেখ করে এরশাদ বলেন, ‘শাহবাগ চত্বরের আমিই বেশি সমালোচনা করেছি। বারবার বলেছি এটি বন্ধ করতে। এর মধ্যে দিয়ে তারা আস্তিক-নাস্তিক সৃষ্টি করেছে। তার মাশুল দিতে হচ্ছে এখন।’ জাতীয় ছাত্রসমাজের সাবেক নেতা ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আর বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন প্রমুখ।