
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো মূল্যে আগামী নির্বাচন হবে। নির্বাচন বানচাল করার সাধ্য বিএনপির নেত্রীর নেই। এই সরকারের আমলে অনুষ্ঠিত কোনো নির্বাচন নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারেনি। একমাত্র আওয়ামী লীগই অবাধ নির্বাচন করতে পারে।
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এম সি একাডেমি মাঠে আয়োজিত জনসভায় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, মহানগর কমিটির সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, হবিগঞ্জ জেলা সভাপতি সাংসদ আবু জহির প্রমুখ বক্তৃতা করেন।
গত সোমবার রাজশাহীতে এক জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের প্রতি আগামী নির্বাচন ভন্ডুল করার আহ্বান জানিয়ে বলেছিলেন, তাঁর দল বর্তমান সাংবিধানিক কাঠামোর আওতায় যেকোনো নির্বাচন প্রতিহত করবে।
শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া বলে বেড়াচ্ছেন, উনি নাকি ভোট চান না। তাহলে উনি কী চান—সন্ত্রাস চান? জঙ্গিবাদ চান? কিন্তু বাংলাদেশের মানুষ এসব চায় না। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়। আজকে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছে। অথচ আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সব দলের সঙ্গে আলোচনা করেই এই নির্বাচন কমিশন গঠন করেন। এই আলোচনায় খালেদা জিয়াও অংশ নিয়েছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা কখনো ডুববে না। ডুবলে আবার জেগে উঠবে। নৌকা বাংলাদেশের জনগণের মার্কা। বাংলাদেশের মানুষকে যুদ্ধাপরাধী, রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের কবল থেকে নৌকাই তীরে নিয়ে যাবে।’ আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আবার জয়ী করলে এই এলাকার সব দাবিদাওয়া পূরণ করার অঙ্গীকার করছি।’
প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘আগের মেয়াদে আমরা বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়িয়েছিলাম। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে বোমা ও জঙ্গি হামলার দেশ বানিয়েছিল। আমাকেও হত্যা করতে চেয়েছিল।’ সিলেটে খালেদা জিয়ার বেয়াইর বাড়ি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে। তাই খাম্বা চুরি করে তাঁরা সিলেটের রাস্তার পাশে ফেলে রেখেছে, কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ‘তিনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। অঙ্ক আর উর্দু পাস করেছিলেন। এ জন্য টাকা গুনতে অঙ্ক আর পেয়ারে পাকিস্তানের জন্য উর্দু কাজে লাগাচ্ছেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করেছিলাম। আমরা তা করেছি। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায়ও হচ্ছে।’
জনসভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে এক হাজার ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও ১৬৮টি উচ্চবিদ্যালয় হয়েছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে গ্যাস-সংযোগ দেওয়ার দাবি পূরণ করা হবে।
জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সিলেটের ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
জালালাবাদ সেনানিবাসে নতুন পদাতিক ব্রিগেড: সকালে সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী জালালাবাদ সেনানিবাসে ডিভিশনের পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে নবগঠিত ৩৬০ পদাতিক ব্রিগেড এবং ৩২ ও ৩৩ বাংলাদেশ পদাতিক রেজিমেন্টের পতাকাও উত্তোলন করা হয়।
অর্থমন্ত্রী ৩৬০ পদাতিক ব্রিগেডের পতাকা এবং চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া যথাক্রমে ৩২ ও ৩৩ বাংলাদেশ পদাতিক রেজিমেন্টের পতাকা উত্তোলন করেন।