যেকোনো মূল্যে বোমা মেশিন বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন যেকোনো মূল্যে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভা থেকে এ ঘোষণা এসেছে।
জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনীতিক, গণমাধ্যমকর্মী, পাথর-বালু ব্যবসায়ী ও বোমা মেশিনের কারখানার মালিকেরা অংশ নেন। তাঁরা বোমা মেশিন বন্ধ করতে যেকোনো উদ্যোগে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সভায় বলা হয়, পাঁচ-ছয় মাস ধরে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় বোমা মেশিন বসিয়ে অবাধে পাথর উত্তোলন করা হচ্ছে। তেঁতুলিয়া থানার পুলিশের কিছু অসাধু কর্মকর্তার কারণে বোমা মেশিনের রাশ টানা যাচ্ছে না।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেকুজ্জামান বলেন, ‘তেঁতুলিয়া থানার পুলিশ বোমা মেশিন বন্ধের ব্যাপারে আন্তরিক নয়।’ একই ইঙ্গিত করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন মণ্ডলসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, বোমা মেশিনের বিরুদ্ধে কথা বললে সাধারণ মানুষের সঙ্গে নানা হয়রানিমূলক আচরণ করে তেঁতুলিয়া থানার পুলিশ। থানার ওসি সুরেশ চন্দ্র নিজেই এসব হয়রানির সঙ্গে জড়িত।
সভায় গণমাধ্যমকর্মী ডিজার হোসেন বলেন, বোমা মেশিনের বিরুদ্ধে তাঁর একটি প্রতিবেদন সম্প্রতি টেলিভিশনে প্রচারিত হয়। এরপর গত ২৭ জুলাই রাত ১২টার দিকে ওসি সুরেশ চন্দ্র ভজনপুর বাজারে তাঁকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁকে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমি ব্যর্থ হয়েছি। ওসি বোমা মেশিন বন্ধের ব্যাপারে আন্তরিক নন।’ ওসি সুরেশ চন্দ্র এ সভায় উপস্থিত ছিলেন না।
তবে সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল বলেন, কেবল পুলিশকে দায়ী করলে চলবে না। অনেক রাজনৈতিক নেতাও এর সঙ্গে জড়িয়ে পড়েছেন। জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পাথর-বালু ব্যবসায়ী সমিতির নেতা আবু সালেক বলেন, সাধারণ মানুষকেও বোমা মেশিনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘ভজনপুর এলাকাতেই এ-জাতীয় মেশিন বেশি তৈরি হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে।’ এ সময় ভজনপুর এলাকার একটি কারখানার মালিক শাহজালাল বলেন, ‘আমরা আর বোমা মেশিন তৈরি করব না।’
সভায় মাঝিপাড়া এলাকার ফরিদ হোসেন, ভজনপুর এলাকার আবু বক্কর ও শান্তিনগর এলাকার আবদুল হামিদের নাম উঠে আসে। তাঁরা মোটা অঙ্কের টাকা দিয়ে পুলিশকে ‘ম্যানেজ’ করে বোমা মেশিন দিয়ে পাথর তুলে আসছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ প্রতিটি ইউনিয়নে বোমা মেশিনবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। সভায় প্রস্তাবটি সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘আপনাদের মূল্যবান সুপারিশগুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যতে যেকোনো মূল্যে বোমা মেশিন বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।’