যেকোনো মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘শূন্য সহনশীলতা’র কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ থেকে এসব অপশক্তিকে যেকোনো মূল্যে নির্মূল করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মূলোৎপাটন করব আমরা।’ 

আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের ১৩ জেলার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবির।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান এবং সেই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতেই এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। ১৩ জেলার এক হাজার ইউনিয়নের ৬ হাজার ১১৬টি জায়গায় প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স দেখা যায়। ১৯ লাখ ৮২ হাজার মানুষ এই কনফারেন্সের সঙ্গে যুক্ত হয়।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। তিনি বলেন, এখন অবস্থাসম্পন্ন পরিবারের ভালো ছাত্র এবং ছেলেমেয়েরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামে নিরীহ মানুষকে হত্যা করার কোনো কথা নেই। এ ধর্মে হত্যা মহাপাপ। ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। কিন্তু কিছু মানুষ ভুল পথ নিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে।’
প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বলেন, এসব বাহিনীর সময়োচিত এবং কার্যকর পদক্ষেপের জন্য বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশেও এটা সম্ভব হয়নি।
সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার পাশাপাশি এসব অপশক্তিকে রুখতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সন্তান ও শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদ-সন্ত্রাসের দিকে ঝুঁকে না পড়ে, সে জন্য তাদের প্রতি অধিক যত্নবান হওয়ার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান।