যেকোনো মূল্যে ২৪ ডিসেম্বর ঢাকায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বারিধারায় জামেয়া মাদানিয়া মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হেফাজতের নেতারা এ ঘোষণা দেন। তাঁরা জানান, মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তাঁদের সাংগঠনিক প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশে হেফাজতের আমির শাহ আহমদ শফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগে ১৩ দফা দাবিতে এ সমাবেশ ডাকা হলেও গতকাল হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেছেন, নির্বাচনকে ঘিরে বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তা আর আগে বাড়তে দেবে না হেফাজতে ইসলাম। তারা আর দর্শকের ভূমিকা পালন করবে না। রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে যদি দ্রুত সংকটের সমাধান না করে, তাহলে তারা মাঠে নামতে বাধ্য হবে।
রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়া প্রসঙ্গে নূর হোসাইন কাসেমী বলেন, ‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এর ১৩ দফার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা কাউকে নির্বাচনে মনোনয়ন দেব না। কিন্তু এর অর্থ এই নয় যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সংকটময় মুহূর্তে আমরা কথা বলতে পারব না।’ তিনি বলেন, দেশের মানুষের জানমাল ও ইজ্জত-আবরু রক্ষা করার কথা বলা প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার। দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতি বিরাজ করছে, তা কেউ মেনে নিতে পারে না। মানুষ অনিশ্চয়তার মুখে, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, এমন তামাশার নির্বাচন পৃথিবীতে হয়েছে বলে কারও জানা নেই।
মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব জুনায়েদ আল হাবিব, যুগ্ম সদস্যসচিব ফজলুল করিম, সাখাওয়াত হোসাইন, সদস্য মনির হোসেন, অলিউল্লাহ আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।