ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যারি হার্ফ এ কথা জানান।
ম্যারি হার্ফ বলেন, ঢাকায় সহিংসতা নিয়ে এখানকার মার্কিন দূতাবাস বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির মূল বিষয় হলো ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা সিটি করপোরেশন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কাজ করে অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, স্বাধীনভাবে মতপ্রকাশ ও নির্বাচনী প্রচারাভিযান চালানো, রাজনৈতিক সহিংসতা থেকে প্রার্থীদের রক্ষা করা এবং আইন লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনতে আমরা নিরাপত্তা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছি।
অপর এক প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ বলেন, ‘এ ব্যাপারে আমাদের যা বলার তা বলেছি। এর চেয়ে বেশি কিছু আমার কাছে নেই।’ সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট।