যেকোনো সময় যেকোনো স্থানে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে যেকোনো সময় যেকোনো স্থানে অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় চলমান অভিযানের পক্ষে প্রচার চালানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অসহনীয় যানজট আর্থিক ও কর্মঘণ্টার ক্ষতি করছে। এ অবস্থায় আমাদের কঠিন হতেই হবে। কাজটি করতে গেলে কিছু দুর্ভোগ হবে, এটা সাময়িক। এর সুফল হলে দুর্ভোগের কথা আর মনে থাকবে না। সারা বছর ধরেই এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে। যেকোনো সময়, যেকোনো দিন, যেকোনো স্থানে এ অভিযান পরিচালিত হবে। যত বাধাই আসুক এ অভিযান অব্যাহত থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা ও অসহনীয় যানজট থেকে পরিত্রাণের জন্য আন্তমন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বর থেকে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান চলছে। এই মুহূর্তে ইজিবাইক ও ব্যাটারিচালিত ক্ষুদ্র যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে ফিডার রোডগুলোতে রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএকে নির্দেশ দেওয়া আছে।

সড়ক পরিবহনমন্ত্রী জানান, অভিযানের ফলে গণপরিবহনের স্বল্পতার কথা বিবেচনা করে ঢাকায় ২৫০টি গাড়ি নামানো হয়েছে। ঢাকায় ১০০টি এসি বাস উদ্বোধন করা হয়। আর আগামী বছরের শেষের দিকে আরও ৪০০টি আমদানি করা নতুন বাস দেশে এসে পৌঁছাবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলবে। সেই সঙ্গে এর রিপ্লেসমেন্টও দেওয়া হবে।