যেকোনো সময় সুখবর আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান বি টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজনের মুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তাঁদের মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অপহরণকারীরা। তার পরও অপহরণকারীদের চাপে রাখতে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
৮ জুলাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকায় টেলিটকের একটি টাওয়ারে কারিগরি ত্রুটি মেরামতের সময় সশস্ত্র দুর্বৃত্তরা বি টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচজনকে অপহরণ করে ৪০ লাখ টাকা দাবি করে। পরে বি টেকনোলজি কর্তৃপক্ষের সঙ্গে খাগড়াছড়ির একটি গোপন জায়গায় বৈঠকে অপহরণকারীরা তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করলে সমঝোতা ভেস্তে যায়।
অপহূত ব্যক্তিরা হলেন প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. ইমরুল হোসেন ও মো. হেমায়েত হোসেন, সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান। অপহূত ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ গত রোববার দুই ব্যক্তিকে আটক করা হয়। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
বাঘাইছড়ি থানার ওসি মো. রফিক উল্লাহ বলেন, ‘আমরা বিশেষ সোর্সের মাধ্যমে খবর পেয়েছি, অপহরণকারীরা অপহূত ব্যক্তিদের ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার (কাল) নাগাদ সুখবর পাওয়া যেতে পারে।’