যেকোনো সময় উপড়ে যেতে পারে গর্জন গাছগুলো
গর্জনগাছগুলোর গোড়া থেকে মাটি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। উদ্দেশ্য, ঝোড়ো হাওয়া বা বৃষ্টি হলে গাছগুলো উপড়ে পড়লে কেটে বিক্রি করা যাবে। শতবর্ষী একেকটি গাছের মূল্য তিন থেকে চার লাখ টাকা। কক্সবাজার-টেকনাফ উপকূলীয় সড়কের জাহাজপুরা সংরক্ষিত গর্জন বনের কর্মীদের অবহেলায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে এ রকম ৫০টির বেশি দুর্লভ ধলী গর্জনগাছ।
স্থানীয় লোকজনের অভিযোগ, গর্জন বনের ভেতর দিয়ে দেড় কিলোমিটার লম্বা পাকা সড়ক তৈরি করার সময় ৮০টির বেশি গাছের গোড়া থেকে মাটি সরে গেছে। এর মধ্যে ৫০টি গাছের গোড়ায় কোনো মাটি নেই। পরিকল্পিতভাবে সড়কের পাশের এ গাছগুলোর গোড়ার মাটি কেটে নেওয়া হয়েছে।
১০০ থেকে ১২০ বছর বয়সী একটি বিশাল আকৃতির মা গর্জনগাছের বাজারমূল্য তিন থেকে চার লাখ টাকা। এই গাছ চিরাই করে তৈরি হয় সমুদ্রপথে লবণ ও মালামাল পরিবহনের কার্গো বোট।
কক্সবাজার শহর থেকে ৮০ কিলোমিটার দূরে টেকনাফ উপজেলার জাহাজপুরা গর্জন বনে গিয়ে দেখা গেছে, পাকা সড়কের দুই পাশে অসংখ্য গাছের গোড়ায় মাটি নেই। শিশু-কিশোরেরা গাছের শিকড়ের ভেতরে বসে খেলা করছে।
স্থানীয় বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনির আহমদ বলেন, ২০০৮ সালে সংরক্ষিত বনের ভেতর দিয়ে পাকা সড়কটি তৈরির সময় গ্রামের মানুষ বাধা দিয়েছিল। এখন পাকা সড়ক নির্মাণ হওয়ায় অসংখ্য গাছের গোড়ার মাটি সরে যাচ্ছে। ফলে দেশের একমাত্র গর্জন বনটি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় শীলখালী বন রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, প্রায় ৩০ একরের বিশাল এই বনে শতবর্ষী পাঁচ হাজার ৭১৭টি ধলী গর্জনগাছ রয়েছে, যা দেশের অন্য কোথাও নেই। স্থানীয় লোকজন বলেন, পাকা সড়কটি তৈরির সময় বনের অন্তত ৫৪টি গর্জনগাছ কেটে ফেলা হয়েছিল।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গাছগুলোকে মেরে ফেলার জন্য কেউ কেউ গোড়া থেকে মাটি সরিয়ে ফেলেছে রাতের আঁধারে। গোড়ার মাটি সরে যাওয়ায় ৫১টি গর্জনগাছ ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু গোড়ায় মাটি দিয়ে এসব গাছ রক্ষা করার মতো বরাদ্দও (টাকা) নেই। এখন মাত্র তিনজন বনরক্ষী দিয়ে দেশের অন্যতম গর্জন বনটি রক্ষার চেষ্টা চলছে।