বান্দরবানের রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের আধাপাকা ভবনগুলো যেকোনো সময় ধসে প্রাণহানি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) আওতায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিদ্যালয়টি পরিচালনা করা হচ্ছে। ছাত্রছাত্রীরা বলেছে, বর্ষার আগে সংস্কার করা না হলে বসবাস অনুপযোগী হবে এবং সম্পূর্ণ ভেঙে নতুনভাবে নির্মাণ করা না হলে ঝুঁকিমুক্ত হবে না। সরেজমিনে গেলে দশম শ্রেণীর ছাত্রী মেসাইনু মারমা, অষ্টম শ্রেণীর চুমকি খিয়াং বলেছে, তারা সব সময় আতঙ্কে থাকে। কয়েক দিন আগে সংঘটিত ভূমিকম্পে রাতের আঁধারে প্রাণের ভয়ে সবাই বাইরে বেরিয়েছিল। শিক্ষক ভবনের দেয়াল ফেটে পাঁচ-ছয় ইঞ্চি ফাঁক হয়েছে। বর্ষায় ওই ফাঁক দিয়ে সাপ ঢুকে পড়ে বলে শিক্ষকেরা জানালেন। সহকারী প্রধান শিক্ষকের বাসভবনে সামান্য বৃষ্টিতে পানি পড়ায় থাকা যায় না। প্রধান শিক্ষক নিত্যরঞ্জন জলদাস বলেছেন, ১৯৮৭ সালে ইউনিসেফ ২২০ ছাত্রছাত্রীর আবাসিক সুবিধাসহ পড়াশোনার জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী সময়ে এটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে দেওয়া হয়। একাডেমিক ভবন ও প্রধান শিক্ষকের বাসভবন ছাড়া সেই সময়ে নির্মিত সবকটি ভবনই এখন বসবাস অনুপযোগী হয়েছে। রুমা উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, অপরিকল্পিতভাবে অবকাঠামোগুলো করা হয়েছে। ছাত্রীনিবাসে কোনো নিরাপত্তা দেয়াল না থাকায় তারা সব সময় নিরাপত্তাহীনতায় থাকে বলে ছাত্রীরা বলেছে। প্রকল্প পরিচালক জাকির হোসেন বলেছেন, এ মাসের শেষের দিকে বিদ্যালয়টি সংস্কার করা হবে। তবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেছেন, চলতি অর্থবছরে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের প্রকল্প হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। তার পরও জরুরি ভিত্তিতে কী করা যায় বিষয়টি তিনি বোর্ডসভায় চেয়ারম্যানের কাছে তুলে ধরবেন।