মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল-খেজুরিছড়া চা-বাগান সড়কটি ভুরভুরি ছড়ার ঢলের পানিতে ভেঙে গেছে। উপজেলা সদরের সঙ্গে তিনটি ইউনিয়নে যাতায়াতের জন্য এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বিজিবি ক্যাম্পসংলগ্ন সড়কটির কিছু অংশ জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে উপজেলার একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, ২০০৮ সালের পর গুরুত্বপূর্ণ এ সড়কটিতে কোনো কাজ হয়নি। এ সময়ের মধ্যে সড়কটির শ্রীমঙ্গল পৌরসভা সংযোগ প্রান্তে পাহাড়ি খাল ভুরভুরি ছড়ার পানির চাপে তিনটি স্থান ভেঙে গেছে। শ্রীমঙ্গল-বিটিআরআই বিকল্প সড়কেও ভুরভুরি ছড়ার ওপরে একটি সেতু নির্মাণের জন্য যান চলাচল বন্ধ রয়েছে। এ সড়কটিও বন্ধ হয়ে গেলে ফিনলে কোম্পানির বাগানসহ প্রায় ৩৫টি চা-বাগান, চা গবেষণা ইনস্টিটিউট, জালালাবাদ গ্যাসের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজঘাট ইউনিয়নের সবগুলো গ্রাম এবং কালীঘাট ও আশীদ্রোণ ইউনিয়নের কিছু অংশ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। জানা গেছে, আগে এই চা কোম্পানি সড়কটি রক্ষণাবেক্ষণ করত। ইজারা আইনের পরিবর্তন হওয়ায় ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সড়কটির দায়িত্ব নেয় এবং ওই বছর সড়কটিতে কাজ করা হয়। ফিনলে চা কোম্পানি সূত্র জানায়, এক বছর ধরে উপজেলা প্রশাসন, এলজিইডি এবং জেলা প্রশাসনকে কোম্পানির পক্ষ থেকে কয়েকবার চিঠি লিখে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া এবং সড়কটি সংস্কারের জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপসহকারী প্রকৌশলী জানান, প্রায় দুই বছর আগে মার্কিন তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি শেভরন শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে গ্যাসকূপ খননের পরিকল্পনা নেয়। সে সময় শেভরন এ কাজে যন্ত্রপাতি পরিবহনের জন্য ওই সড়কটি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল। কিন্তু সড়ক ব্যবহার না করায় কোম্পানিটি সংস্কারও করেনি, বিষয়টি শেভরন এলজিইডিকেও জানায়নি। এলজিইডি শ্রীমঙ্গলের উপজেলা প্রকৌশলী বিভূতি মোহন পাল প্রথম আলোকে বলেন, ‘এ বছর ভাঙন রোধে ব্যবস্থাসহ সড়কটি সংস্কারের কাজ করা হবে।’