স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।’ গতকাল সোমবার নারায়ণগঞ্জের পাগলায় বাংলাদেশ কোস্টগার্ডের টর্নেডো ক্লাস হাই স্পিডবোটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত চারদলীয় জোট সরকারের সময়ের তুলনায় অনেক ভালো।’ রাজধানীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এক সাংসদের বাড়িতে ডাকাতির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো গডফাদার জড়িত থাকলে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে চোরাচালান, জলদস্যুতা রোধ এবং জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া বঙ্গোপসাগরে প্রাকৃতিক গ্যাস, তেল ও অন্যান্য খনিজ সম্পদ রয়েছে, যা রক্ষায় কোস্টগার্ডের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় ১০টি কোস্টগার্ড স্টেশন স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। কোস্টগার্ডকে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।কোস্টগার্ডের মহাপরিচালক এস এ এম এম আবেদীন বলেন, ২৪ কোটি টাকা ব্যয়ে ‘ঊনপঞ্চাশ জলযান সংগ্রহ কর্মসূচি’র আওতায় আটটি টর্নেডো ক্লাস হাই স্পিডবোট (বড়) উদ্বোধন করা হলো।উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সারাহ বেগম কবরী, নজরুল ইসলাম, সানজিদা খানম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী প্রমুখ উপস্থিত ছিলেন।