যেকোনো সরকারকে পর পর দুই মেয়াদে ক্ষমতায় আসা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যেকোনো গণতান্ত্রিক সরকারকে পর পর দুই মেয়াদে ক্ষমতায় আসা উচিত বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ক্ষেত্রে আল্লাহর রহমত ও জনগণের ইচ্ছা থাকতে হবে। জনগণ যাদের চায়, তাদেরই ক্ষমতায় বসাবে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

যোগাযোগমন্ত্রী বলেন, নির্বাচন পদ্ধতি আসার পর থেকে কোনো সরকারই এক মেয়াদের বেশি থাকতে পারেনি। তাই সরকারের ধারাবাহিকতা থাকে না। তিনি আরও বলেন, ‘জনগণ আমাদের আরেকবার সুযোগ দিলে পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের কাজগুলো সমাপ্ত করা সম্ভব হবে।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতিতে ফিরে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি করার অধিকার সবার আছে। দেশের জনগণ কাকে গ্রহণ করবে, কাকে প্রত্যাখ্যান করবে, এটা জনগণের ইচ্ছা।’

এর আগে সকাল ১০টায় উপজেলার জোড়আমতল বাইপাস এলাকায় ঘোড়ামারা সেতু এবং পরে বেলা ১১টায় শুকলালহাট সেতুর উদ্বোধন করেন। ঘোড়ামারা সেতু উদ্বোধন শেষে যাওয়ার পথে মন্ত্রীর কাছে এলাকাবাসী জোড়আমতল বাইপাসের পাশে অবস্থিত ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণের দাবি করেন।