যেকোনো সরকারের অধীনে নির্বাচনে প্রস্তুত ইসি: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, নির্বাচন কমিশন যেকোনো সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত। আজ রোববার নির্বাচন কমিশনে (ইসি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাহনেওয়াজ বলেন, সরকার-পদ্ধতি কী হবে, তা জাতীয় সংসদে ঠিক করবেন রাজনীতিকরা। রাজনীতিকরা যে সরকার-পদ্ধতি চালু রাখবেন, তার অধীনেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন করতে প্রস্তুত। সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি কমিশনের আছে। এখন নির্বাচনের জন্য শুধু ব্যালট পেপারের কাগজ আর সিলের কালিসহ কিছু জিনিস কিনতে হবে।

শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনের আগে যথাযথ সময় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ, আমাদের কাছে অনেক অভিযোগ আছে, স্বল্প সময়ে প্রশিক্ষণ দেওয়া হলে কর্মকর্তারা ভালোভাবে তাঁদের দায়িত্ব বুঝে নিতে পারেন না।’

বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘আইন অনুযায়ী যে সরকারই থাকুক না কেন, আমরা আমাদের কাজ করব। কোন সরকার ক্ষমতায় থাকবে না থাকবে, তা আমাদের জানার বিষয় নয়।’