ইভ্যালির দেনা–পাওনা: যেকোনো স্বনামধন্য ফার্মকে দিয়ে অডিট করানো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট ভবন
ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা–পাওনাসহ সম্পত্তির বিষয়ে দেশের স্বনামধন্য যেকোনো অডিট ফার্মকে দিয়ে বিশেষ অডিট করানো যাবে। ইভ্যালি ব্যবস্থাপনায় আদালত কর্তৃক নিযুক্ত নতুন পরিচালনা পর্ষদের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

ইভ্যালিতে পণ্য অর্ডার দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের ইভ্যালির এক গ্রাহক গত সেপ্টেম্বরে হাইকোর্ট আবেদন করেন। এর ধারাবাহিকতায় গত বছরের ১৮ অক্টোবর আদালত ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন। বিখ্যাত আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কেপিএমজিকে দিয়ে ইভ্যালিতে অডিট করতে পরিচালনা পর্ষদকে বলা হয়। আদেশের এই অংশটুকুর পরিবর্তন চেয়ে পরিচালনা পর্ষদ ওই আবেদন করে।

আদালতে ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোর্শেদ আহমেদ খান। গ্রাহকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।

পরে আইনজীবী মোর্শেদ আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‌‘১৮ অক্টোবর দেওয়া আদেশে হাইকোর্ট কেপিএমজিকে দিয়ে ইভ্যালির দেনা–পাওনা ও যাবতীয় সম্পত্তির বিষয়ে বিশেষ অডিট করতে বলেছিলেন। পরিচালনা পর্ষদ মনে করে, একটি নির্দিষ্ট অডিট ফার্মের সঙ্গে ফি নিয়ে দর–কষাকষি করার চেয়ে একাধিক স্বনামধন্য অডিট ফার্মের সঙ্গে দর–কষাকষির সুযোগ থাকলে প্রতিযোগিতামূলক ফি নির্ধারণ করে অডিট করা সম্ভব।

এর মাধ্যমে ইভ্যালির আর্থিক সাশ্রয় হবে ও গ্রহণযোগ্য ফি নির্ধারণ করা যাবে।

আবেদন মঞ্জুর করেছেন আদালত। ফলে দেশের স্বনামধন্য যেকোনো অডিট ফার্মকে দিয়ে ইভ্যালিতে বিশেষ অডিট করানো যাবে।’