যেখানে আদিবাসীরা '২ নম্বর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী
আদিবাসী

আপনার চেহারায় যদি ‘আদিবাসী’ আদল থাকে, রাজশাহীর তানোর উপজেলায় হাটবাজার বা রাস্তার মোড়ের কোনো কোনো হোটেল-রেস্তোরাঁ আপনাকে চা-খাবার কিছুই দেবে না। দাম দিতে চাইলেও না। আবার অনেক দোকানে জিজ্ঞাসা করবে, ‘আপনি ১ নম্বর, না ২ নম্বর?’
‘২ নম্বর’ অর্থাৎ আদিবাসীদের খেতে দেওয়া হয় আলাদা থালা-বাসনে। সাঁওতাল আর ওরাঁও আদিবাসীদের বাসভূমি তানোরে এ বৈষম্য চলছে বহু বছর ধরে। ইদানীং আবার তানোর সদরের অনেক ছাত্রাবাস আদিবাসী ছাত্রদের রাখতে চাইছে না।
তানোরের আব্দুল করিম সরকারি কলেজের শিক্ষার্থী সুশীল কিসকু ও এভারিস্ট মার্ডিকে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে প্রথম আলোর এই প্রতিবেদক হাতেনাতে সংবিধান-পরিপন্থী এ বৈষম্যের প্রমাণ পেয়েছে।
পাঁচন্দর ইউনিয়নের কচুয়া কাজীপাড়ার কলেজ মোড়ে এক চায়ের দোকানে চা খাচ্ছিলেন আদিবাসী গ্রামটির মুরব্বি নরেন মুরমু, আদিবাসী দুজন শিক্ষার্থী এবং স্থানীয় কারিগরি বৃত্তিমূলক বিদ্যালয় ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের দুজন বাঙালি শিক্ষক। বাঙালি দুই শিক্ষকের চায়ের কাপ দেখতে আলাদা। শিক্ষক আবদুল রশিদ (৫০) বলেন, ‘ছোটবেলা থেকেই এলাকায় এমন ভিন্ন ব্যবস্থা দেখে আসছি। বিষয়টি বর্ণবাদের মতোই। কিন্তু করার কিছু নেই।’ তিনি বলেন, একই পাত্রে আদিবাসীদের চা-পানি ও খাবার দিলে স্থানীয় বাঙালিরা আর ওই দোকানে খাবে না।
রশিদ বলেন, বহু যুগের এ প্রথা আদিবাসীরা মেনে নিয়েছে। দোকানি রুবেল আলীরও তাই মত। তাঁরা কি কখনো আদিবাসী কাউকে জিজ্ঞাসা করেছেন, দুই নম্বর থালায় খেতে মনে আঘাত লাগে কি না? সে খোঁজ নেওয়া হয়নি, বলেন তাঁরা। নরেন মুরমু তখন বলে ওঠেন, ‘তাদের প্রশ্ন করেন, তাদের বেলায় এমন করা হলে কেমন লাগত?’ তিনি বলেন, এ নিয়ে মনে অনেক কষ্ট আছে।
সরোনজাই ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামে প্রাচীন এক মসজিদে কথা হয় মোয়াজ্জিন আবদুর রহিমের সঙ্গে। প্রবীণ মানুষটি বলেন, এখানেও দোকানে আদিবাসীদের ২ নম্বর কাপে-গ্লাসে চা-পানি দেওয়া হয়। তিনি বলেন, ‘এটা ঠিকই আছে। আদিবাসীরা যা-তা—শুকর, শামুক, ঝিনুক, ইঁদুর—খায়। বই-পুস্তকেও আমরা তা-ই পড়েছি। আমরা নামাজ-কালাম পড়ি...।’ প্রতিবেদকের সঙ্গী সুশীল কিসকু তখন বলেন, একসময় পাঠ্যপুস্তকে আদিবাসীদের সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণেও মানুষের মনে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে।
সরোনজাই বাজারে এক দোকানে গিয়ে সুশীল কিসকু ও এভারিস্ট মার্ডি খাবার চাইলে মালিক মোজাম্মেল তাঁদের ফিরিয়ে দেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৮১-৮২ সাল থেকে এখানে দোকানদারি করতে গিয়ে এটাই দেখে আসছি। আমি যদি ওদের খাবার দিই, মুসলিমেরা আমার দোকানে খাবে না।’ তিনি বলেন, এলাকার প্রভাবশালী লোকেরা এমনকি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারাও এমন আচরণ করে থাকেন।
তানোর পৌর এলাকায় আব্দুল করিম সরকারি কলেজের শিক্ষার্থী দাউদ হাসদা, মার্জুনিল মুরমু, ডেভিড হাসদা, পলাশ টুডু ও দানিয়েল কিসকু এক তিক্ত অভিজ্ঞতার কথা বললেন। তাঁরাসহ ছয়জনকে আসন দিয়েছিল গোল্লাপাড়ার একটি মেসের মালিকের ছেলে। পরে মালিক এসে বলেন, তাঁরা যে সাঁওতাল তা ছেলে বুঝতে পারেনি। এক মুসলমান ছাত্র তাঁদের রাখার ব্যাপারে আপত্তি জানিয়েছেন, কাজেই মেস ছাড়তে হবে।
আপত্তি যিনি করেছিলেন, সেই মোজারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি মেস মালিককে বলেছি, ওরা থাকলে আমি থাকব না। ওদের বের করে দিতে বলিনি।’ মেসমালিক মো. মোস্তফার কথা, ‘আদিবাসীরা থাকলে মুসলিম ছাত্ররা থাকতে চায় না। আমরা আর কী করতে পারি!’
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলছেন, এমন ঘটনা চলতে থাকলে তানোরের লোকেরা নিজেদের সভ্য বলতে পারবে না। রাজনীতিক, জনপ্রতিনিধি ও প্রশাসনকেও এর দায় নিতে হবে। এ অবস্থা যে বহুদিন ধরেই গেড়ে বসে আছে, তা স্বীকার করলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তবে তিনি বলেন, ‘জোর করে তো কিছু করা যাবে না। এলাকায় গেলে বাঙালিদের এমন বৈষম্যমূলক আচরণ না করতে অনুরোধ করব।’
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজেদা ইয়াসমিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী অবশ্য প্রথম আলোকে বলেছেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। এদিকে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রাজশাহী অঞ্চলের সমন্বয়ক আবদুস সামাদ মনে করিয়ে দিচ্ছেন, এভাবে জাতি-বর্ণভেদে মানুষে মানুষে বৈষম্য করা সংবিধান অনুমোদন করে না। তিনি বলেন, ‘এটা অন্যায়। এটা আদিবাসীদের কাছে দারুণ কষ্টের ব্যাপার।’