যেখানে এবারের ঈদ অন্যরকম আনন্দের
এবার অন্যবারের চেয়ে অনেকটাই বেশি আর ভিন্ন ছিল বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহলের অধিবাসীদের ঈদ। বাংলাদেশি হিসেবে তালিকাভুক্তির পর এটা ছিল তাদের প্রথম ঈদ। এত দিন এ মানুষগুলো ছিল ভারতীয় নাগরিক। এবার পরিচয়ের সংকট কাটিয়ে, ভয়ভীতি উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদ্যাপন করল তারা।
কুড়িগ্রাম জেলায় ভারতীয় ১২টি ছিটমহল ঘুরে দেখা যায়, ছোট-বড় সবাই যেন আনন্দে মাতোয়ারা। ঈদের আনন্দ এবং পরিচয়-সংকট থেকে মুক্তির আনন্দ মিলেমিশে একাকার শিশু থেকে বৃদ্ধ—সবার হাসিতে। ভূরুঙ্গামারীতে ১০ ও দাশিয়ার ছড়ায় নয়টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ছিটমহলে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায় মধ্যপাড়ার মোস্তফার বাড়িসংলগ্ন ঈদগাহ মাঠে।
ঈদকে ঘিরে ছিটমহলের গৃহবধূদেরও এবার ব্যস্ততা যেন ছিল একটু বেশি। সকাল থেকে ছেলেমেয়েদের সাজানো গোছানোর চাপ যেমন ছিল, তেমন ছিল বাড়তি পদ রান্নার ব্যস্ততা। আগে ঈদের দিনেও বাংলাদেশে যেতে পারত না এসব ছিটমহলবাসী। এবার আর সে বাধা নেই। নামাজ শেষে এ বাড়ি, ও বাড়িতে ছিল ঘুরে বেড়ানোও।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ৬৮ বছর পর এবারই প্রথম বাংলাদেশি হিসেবে ঈদ করল ছিটমহলবাসী। তাই আনন্দে আত্মহারা এসব মানুষ। সরকারের পক্ষ থেকে এখানকার শতাধিক দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
কুড়িগ্রামের ১২টি ছিটমহলে ৬ জুলাই জনগণনা শুরু হয়ে শেষ হয় ১৬ জুলাই। ১১ দিনব্যাপী জনগণনায় ১ হাজার ৬৪২ পরিবারে জনসংখ্যা পাওয়া যায় ৮ হাজার ৩১২ জন। এর মধ্যে ভারতীয় নাগরিক হতে নিবন্ধন করেছে ৩৪২ জন।